Showing posts with label Seuli Basak. Show all posts
Showing posts with label Seuli Basak. Show all posts

Saturday, November 14, 2020

শিউলি বসাক নিয়েছেন মলয় রায়চৌধুরীর সাক্ষাৎকার

 

শিউলি বসাক নিয়েছেন মলয় রায়চৌধুরীর সাক্ষাৎকার 

শিউলি : সাহিত্য রচনায় এলেন কীভাবে ? 

মলয় : বইপোকা ছিলুম শৈশব থেকে । মার্কসবাদ নিয়ে পড়াশুনায় উৎসাহ দিয়েছিলেন নমিতা চক্রবর্তী, আমার স্কুলের গ্রন্হাগারিক । ওনার গালে টোল পড়ত । যাদের গালে টোল পড়ে তারা চিরকাল আমায় আকর্ষণ করেছেন । যেমন ইমলিতলা পাড়ার কুলসুম আপা, যিনি আমার সঙ্গে গালিব, ফয়েজ ও যৌনতার পরিচয় করিয়ে দিয়েছিলেন । দাদা কলকাতা থেকে প্রচুর কবিতার বই আনতেন আর বাবা কিনে দিতেন ইংরেজি বই । বাড়ির কাজের লোক শিউনন্দন কাহার ‘রামচরিত মানস’ মুখস্হ বলতে পারতো ; বাবার দোকানের কর্মী রামখেলাওন সিং ডাবর বলতে পারতো রহিম, দাদু, কবির । বড়োজ্যাঠা ছিলেন পাটনা মিউজিয়ামের কিপার অফ পেইনটিংস অ্যাণ্ড স্কাল্পচার্স । জাঠতুতো দিদিরা শাস্ত্রীয় সঙ্গীত শিখতেন ও গাইতেন । আমি বেহালা বাজানো শেখা আরম্ভ করি । এইরকম আবহে লেখালিখির প্রতি আগ্রহ গড়ে ওঠে ।

শিউলি : দেশি-বিদেশি কার কার লেখা পড়তেন আন্দোলন শুরুর আগে?                                                    

মলয়: আমি ব্রাহ্ম স্কুলে পড়তুম । নমিতাদি আমাকে ব্রাহ্মদের বই পড়তে দিতেন, যদিও উনি বলতেন না যে লেখক ও কবিরা ব্রাহ্ম, কেননা তখনকার দিনে সাধারণ বাঙালি পরিবার ব্রাহ্মদের এড়িয়ে চলতেন । ব্রাহ্ম স্কুলের আগে ক্যাথলিক স্কুলে পড়ার ফলে ওল্ড আর নিউ টেস্টামেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেন ফাদার হিলম্যান ; প্রতি বৃহস্পতিবার বাইবেল ক্লাস হতো, সংলগ্ন চার্চে । যখন দীপক মজুমদারের পরামর্শে ইতিহাসের দর্শন পড়া আরম্ভ করি তখন বিষয়টা সম্পর্কে নানা বই পড়া আরম্ভ করেছিলুম । ইতিহাসের দর্শন নিয়ে একটা ধারাবাহিক লেখা বিংশ শতাব্দী পত্রিকায় প্রকাশিত হয়েছিল । মার্কসবাদের উত্তরাধিকার নামে একটা বই লিখেছিলুম, দাদা পাণ্ডুলিপি দিয়েছিলেন শক্তি চট্টোপাধ্যায়কে আর আমি দিয়েছিলুম ১৯০০০ টাকা । কিন্তু শক্তি তা মদ খেয়ে উড়িয়ে দেন আর বইটা ভুলভাল নোংরাভাবে প্রকাশ করেন । আমার এতো রাগ হয়েছিল যে ওনার উল্টোডাঙার বস্তিবাড়ির সামনে সব কপি জড়ো করে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিলুম।

শিউলি : সাহিত্য আন্দোলনের প্রয়োজনীয়তাই বা কেন মনে করলেন সেই সময়ে?    

মলয় : হাংরি আন্দোলন নিছক সাহিত্য আন্দোল ছিল না । আমরা নানা বিষয়ে ইশতাহার প্রকাশ করেছিলুম আর সেই কারণেই আমাদের হেনস্হা করা হয়েছিল । নিছক সাহিত্য আন্দোলন করলে আমাদের ওইভাবে আক্রমণ করা হতো না । আন্দোলন আরম্ভ করেছিলুম শেয়ালদা স্টেশানে উদ্বাস্তুদের ভয়ঙ্কর দুর্দশা প্রতিদিন দেখার পর । দাদা পানিহাটি থেকে সিটি কলেজে যেতো । আমিও পানিহাটি গেলে শেয়ালদা দিয়েই যেতুম । এখনকার শেয়ালদা দেখে অনুমান করা যাবে না তখনকার ভয়াবহ অবস্হা । প্রতিবাদ আর সমাজকে ঢুঁ মারা জরুরি ছিল ।

শিউলি : হাংরি আন্দোলনকে কি দুই পর্বের ধরব ? না কি ’৬৫ তেই শেষ? ‘ক্ষুধার্ত’কে কীভাবে দেখা যেতে পারে? 

মলয় : একটাই পর্ব ধরা উচিত । দুর্ভাগ্যবশত আমি লেখা কিছুকাল বন্ধ রাখার পর শৈলেশ্বর ঘোষ ক্ষুধার্ত আরম্ভ করেছিল, কিন্তু নেতৃত্বের যোগ্যতার অভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেনি । এমনকি অলোক গোস্বামীরা উত্তরবঙ্গে হাংরি আন্দোলন আরম্ভ করলে লোক পাঠিয়ে ভণ্ডুল করে দিয়েছিল ; সুভাষ ঘোষকে লোক লাগিয়ে মারধর করেছিল যার দরুন সুভাষ ঘোষ ক্ষুধার্ত খবর নামে আলাদা পত্রিকা আরম্ভ করে । যতো পত্রিকা আছে সবই হাংরি আন্দোলনের বলে ধরা উচিত । পরাবাস্তববাদীদের ঝগড়াঝাঁটি হাংরিদের তুলনায় বহুগুণ বেশি হয়েছিল, অনেকবার দল ভাগাভাগি হয়েছিল । কিন্তু পরাবাস্তব বলতে একটাই আন্দোলন বোঝায় । 

শিউলি : বাজারে যে কয়েকটি ‘ক্ষুধার্ত’ সংকলন পাওয়া যায়, সাধারণ পাঠক সেগুলিকেই হাংরি-সংকলন হিসেবে গ্রহণ করে আসছে, এই ব্যাপারে আপনার অনুভূতি ও মতামত কী ? 

মলয় : জানি । তার কারণ সামগ্রিকভাবে কেউই চেষ্টা করেননি সবাইকে একত্রিত করে সংকলন প্রকাশ করতে । উইকিপেডিয়ায় দেখলুম প্রচুর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে হাংরি আন্দোলনে । আমি অনেককে চিনি না । না চিনলেও আমি তাদের অন্তর্ভু্ক্ত করতে চাইবো । কেউ নিজেকে হাংরি ঘোষণা করলে তাকে অন্তর্ভুক্ত করা হবে, এটাই ছিল আমাদের পন্হা ।

শিউলি : সাহিত্যক্ষেত্রে ‘এস্টাব্লিশমেন্ট’ ব্যাপারটিকে  আপনি কীভাবে দেখেন ? 

মলয় : এসট্যাবলিশমেন্ট একটা বিমূর্ত ক্ষমতা । সেই ক্ষমতা যারা নিয়ন্ত্রণ করে তারা নির্দিষ্ট ক্যানন চাপিয়ে দিতে চায় । আমি মনে করি সাগরময় ঘোষের কারণে বাংলা সাহিত্যে পাল্প ফিকশানের প্রবেশ । গদ্য নিয়ে যারা কাজ করতে চেয়েছে তাদের সাগরময় ঘোষ পাত্তা দেননি, যেমন সন্দীপন চট্টোপাধ্যায় আর উদয়ন ঘোষকে ।

শিউলি : কবিতায় শব্দচয়ন কীভাবে করেন? ভেবেচিন্তে,  না কি স্বতস্ফূর্ত ? 

মলয় : কোনো নির্দিষ্ট প্রক্রিয়া নেই । মনে এলে লিখি, ফেলে রাখি, ঘষামাজা করি, তাই ভাবনা আর স্বতঃপ্রক্রিয়া দুটোই কাজ করে ।

শিউলি : শ্লীলতা ও অশ্লীলতাকে আপনি কীভাবে সংজ্ঞায়িত করেন ? 

মলয় : ওই বাইনারি বিভাজন এনেছিল প্রটেস্ট্যান্ট পাদরিরা । তার আগে আমাদের অমন বিভাজন ছিল না । ওদের কারণেই আমাদের রসশাস্ত্র লোপাট হয়ে গেছে । তাছাড়া বাংলা সাহিত্যে বহুকাল নিম্নবর্গ আর নিম্নবর্ণের মানুষদের দিনানুদৈনিক বুলিকে ঢুকতে দেয়া হয়নি ।

শিউলি : হাংরি আন্দোলনের সময় লেখালেখির পাশাপাশি আরও যে ঘটনাগুলি ঘটেছে, জুতোর বাক্স রিভিউ করতে পাঠানো ইত্যাদি ইত্যাদি; সেগুলি তখন কী মনে করে করা হয়েছিল, এখনই বা আপনি কী মনে করেন?

মলয় : ওগুলো দিয়েই তো সমাজকে ভিত থেকে নাড়িয়ে দেয়া হয়েছিল, বিশেষ করে মুখোশ পাঠানোর ব্যাপারটা । অ্যালেন গিন্সবার্গকে লেখা আবু সয়ীদ আইয়ুবের চিঠি পড়লেই টের পাবে যে এলিট সম্প্রদায় কতোটা আঘাত পেয়েছিল ।

শিউলি : হাংরি আন্দোলনের সময় আপনাদের লেখালেখিকে যেভাবে দেখেছেন, এখনও সেভাবেই দেখেন কি?

মলয় : হাংরি আন্দোলনের সময়ে সারা ভারতবর্ষকে দেখিনি যা গ্রামীণ উন্নয়ন আধিকারিকের চাকরির অভিজ্ঞতায় জেনেছি । ১৯৭০ থেকে আমার প্যানারমা বিশাল হয়ে গেছে । হাংরি আন্দোলনের সময়ে ছিলুম পাটনা শহরের দলিত পাড়া ইমলিতলার ছোটোলোক বর্গের তরুণ ।

শিউলি : নতুন করে হাংরি আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করেন না কখনও ? 

মলয় : আমার মনে হয় আর কোনো সাহিত্য আন্দোলন সম্ভব নয় । বহু তরুণ আমাকে অনুরোধ করেছেন নতুনভাবে আন্দোলন আরম্ভ করার । আমি সবাইকে এই একই কথা বলেছি ।

শিউলি : সমকালীন শ্রুতি ও শাস্ত্রবিরোধী সাহিত্য আন্দোলনকে সেই সময়ে কীভাবে দেখেছেন, এখনই বা কীভাবে দেখেন? 

মলয় : ওনারা পুরোপুরি সাহিত্যে কেন্দ্রিত ছিলেন । সমাজকে নাড়া দেবার অন্য উপায়ের কথা ভাবেননি । ওনাদের অবদানকে অস্বীকার করা যায় না । প্রতিষ্ঠানের চাপানো ক্যানন ভেঙে ফেলার পথ ওনারাও পরের প্রজন্মকে দেখিয়েছেন ।

শিউলি : বাংলা সাহিত্যের ধারায় হাংরি জেনারেশনের গুরুত্ব আপনার চোখে কতখানি ? সমকালীন শ্রুতি ও শাস্ত্রবিরোধী সাহিত্য আন্দোলনের গুরুত্ব আপনার চোখে কতটা? 

মলয় : এখন তো হাংরি আন্দোলন নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে । পেঙ্গুইন র‌্যানডাম হাউস থেকে বই বেরিয়েছে । ইনটারনেটে প্রচুর রচনা দেখতে পাই, হাংরিদের ইনটারভিউ দেখতে পাই । শ্রুতি আর শাস্ত্রবিরিধিদের তেমন উপস্হিতি নেই । আমার মনে হয় সব কয়টা আন্দোলন নিয়ে ইংরেজিতে একটা বই বের করে যদি কেউ বিশ্বের পাঠকদের সামনে নিয়ে আসেন তাহলে ভালো হয় ।

শিউলি : আপনি সাহিত্য আকাদেমি ফিরিয়ে দিয়েছিলেন কী মনে করে? 

মলয় : আমি কোনো পুরস্কার নিই না । যেকোনো পুরস্কার যিনি বা যাঁরা দেন তাঁর বা তাঁদের মূল্যবোধ বহন করে । তৃণমূল এসেই বাংলা অ্যাকাডেমির সদস্যদের ভাগিয়ে দিল অথচ তাঁরা সবাই জ্ঞানীগুণী মানুষ ছিলেন । কেন ? কেননা আগের সদস্যরা একটি ভিন্ন মূল্যবোধের বাহক ছিলেন ।

 

হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে

  হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে প্রখ্যাত কবি, হাংরির কবি দেবী রায় ৩ অক্টোবর ২০২৩ চলে গেছেন --- "কাব্য অমৃতলোক " ফ্ল্...