Thursday, December 5, 2019

হাংরি জেনারেশন : অরুণেশ ঘোষ নিয়েছেন মলয় রায়চৌধুরীর সাক্ষাৎকার

অরুণেশ ঘোষ নিয়েছেন মলয় রায়চৌধুরীর সাক্ষাৎকার

   
                                                   
                                           

অরুণেশ ঘোষ পশ্চিমবাংলার সত্তর-আশির দশকের খ্যাতনামা কবি। তাঁর সঙ্গে কখনও মলয় রায়চৌধুরীর সাক্ষাৎ পরিচয় হয়নি। হাংরি আন্দোলন শেষ হয়ে যাবার এক দশক পর তিনি নিজেকে একজন হাংরি আন্দোলনকারী ঘোষণা করে সেই সময়ের সিপিএম দলের কয়েকজন কবি-লেখকের সঙ্গে হাংরি আন্দোলনকে পুনরায় জীবনদানের প্রয়াস করেন। কিন্তু আশির দশকের মাঝামাঝি পর্যন্ত তিনি জানতেন না যে হাংরি আন্দোলন মামলায় মলয় রায়চৌধুরীরই কারাদণ্ডের আদেশ দিয়েছিল নিম্ন আদালত এবং উচ্চ আদালতে সে আদেশ নাকচ হয়ে যায়। তিনি সেই প্রথম জানতে পারেন যে তাঁরই দুই সঙ্গী শৈলেশ্বর ঘোষসুভাষ ঘোষ সেই মামলায় মলয়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছিলেন এবং মুচলেকা লিখে দিয়েছিলেন যে তাঁরা হাংরি আন্দোলনের সঙ্গে সব সম্পর্কে ছিন্ন করছেন এবং ভবিষ্যতে এই আন্দোলনের সঙ্গে যোগাযোগ রাখবেন না। মুচলেকা দেবার কারণে তাঁরা নিজেদের পত্রিকার নাম রেখেছিলেন ‘ক্ষুধার্ত’, এবং ‘হাংরি’ শব্দটি এড়িয়ে যেতেন। অরুণেশ ঘোষ এই সমস্ত তথ্যাদি পান শিবনারায়ণ রায় তাঁর ‘জিজ্ঞাসা‘ পত্রিকায় সম্পাদকীয়তে বিষয়টি খোলশা করার পর। বিশদ তথ্যাদি সংগ্রহের উদ্দেশ্যে অরুণেশ ঘোষ তাঁর ‘জিরাফ পত্রিকার জন্য ১৯৮৫ সালে ডাকযোগে এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন। তার আগে পর্যন্ত তিনি মলয় রায়চৌধুরীর কোনো রচনা এবং হাংরি বুলেটিনে প্রকাশিত অন্যান্য হাংরি আন্দোলনকারীদের রচনাগুলোর সঙ্গে পরিচিত ছিলেন না। এই সাক্ষাৎকারটি নেবার পর তিনি আর কখনও মলয় রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেননি; মাথাভাঙা থেকে কলকাতায় এলেও মলয়ের সঙ্গে দেখা করেননি। ২০১১ সালে জলে ডুবে অপঘাতে মৃত্যুর কয়েকবছর পূর্বে তিনি তৃণমূল দলের প্রতি সহানিভূতিসম্পন্ন ও ঘোর সিপিএম বিরোধী হয়ে ওঠেন।

অরুণেশ: “সঙ্গী-সাথীদের বিশ্বাসঘাতকতায় বীতশ্রদ্ধ হয়ে লেখা ছেড়ে দেন”— আপনার সম্পর্কে এরকম একটি ধারণা বাজারে চালু রয়েছে, সেটা কি সত্য ? যদি সত্য হয়, তাহলে বিশ্বাসঘাতক কারা ? কীরকম সেই বিশ্বাসঘাতকতা ? বিস্তারিত বলুন।

মলয়: তোমার মতন নাছোড় কিছু পাঠক আমার এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়ে গোটা পঞ্চাশেক হবে মনে হয়। বাজার পর্যন্ত খ্যাতি আমার নেই। ওটাকে একরকম প্রাতিস্বিক যুক্তি বলা যেতে পারে। কথাটা শরৎকুমার মুখোপাধ্যায় বলেছেন ‘পথের পাঁচালি’ পত্রিকার দ্বাদশ সংকলনে। আর-কেউ বলেছেন কিনা নজরে পড়েনি। শরৎবাবু বলেছিলেন, ‘এরা বাঙালি মধ্যবিত্ত ঘরের সন্তান, উচ্চাভিলাষী, আবেগপ্রবণ, অসহিষ্ণু, খ্যাতিলোভী এবং শতবিদ্রোহ সত্ত্বেও পুলিশের রক্তচক্ষু দর্শনে সন্ত্রস্ত। ‘টাইম’ ম্যাগাজিনে যখন ওদের মামলা প্রকাশিত হয়, তখন যুগপৎ বিশ্ববিখ্যাত হওয়া এবং পুলিশের কাছে মুচলেকা দেওয়ার উত্তেজনায় কাতর এদের কারো-কারো চেহারা দেখেছি।’ এই সব কথা বলে শরৎবাবু তারপর আমার লেখা ছেড়ে দেবার কথাটা টেনে এনেছেন। উনি বলতে চাইছেন, পুলিশের কাছে দেওয়া সুভাষ ঘোষশৈলেশ্বর ঘোষ এর মুচলেকা এবং উৎপলকুমার বসু, সন্দীপন চট্টোপাধ্যায় আর শক্তি চট্টোপাধয়া্য-এর দেওয়া জবানবন্দিগুলো হল বিশ্বাসঘাতকতা এবং ওই মুচলেকা ও জবানবন্দিগুলোর জন্যেই আমি লেখা ছেড়ে দিই। এটা ঠিক যে ওই মুচলেকা ও জবানবন্দিগুলি আর সেই সঙ্গে রাজসাক্ষী-সরকারি সাক্ষী হতে রাজি হওয়ার দরুণই পুলিশ আমার বিরুদ্ধে শেষ পর্যন্ত মামলাটা দাঁড় করাতে পারে। এটাও ঠিক যে, আমাকে চার্জশীট দেবার দিন পর্যন্ত তাঁরা আমায় তাঁদের দিয়ে-ফেলা মুচলেকা-জবানবন্দি আর অ্যাপ্রুভার হবার কথাটা চেপে রেখেছিলেন, যার জন্য আমার উকিলরা উচিত ব্যবস্হা নিতে পারেননি। কিন্তু প্রথমত, একে বিশ্বাসঘাতকতা বলা যায় না কারণ আমি কোনো দিনই তাঁদের বিশ্বাসযোগ্য মনে করিনি। অবাক লেগেছিল বটে। ছাড়া পাবার জন্যে তাঁদের কাছে অন্য উপায় ছিল না। শক্তি অবশ্য প্রতিশোধ নিয়েছিলেন, তাঁর ব্যাপারটা ভয়ের নয়। তিনি আমার দূরসম্পর্কীয় আত্মীয়ার প্রেমে পড়ে মেয়েটির বাবা-মা’র দ্বারা তিরস্কৃত হয়েছিলেন ( আমাকে ও দাদাকে তার জন্য দায়ি করেছিলেন)। সেটা কাটিয়ে উঠতে পারেননি— শক্তিবাবুর বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না এফ আই আর-এ। প্রণয়ে ব্যর্থ হয়ে তিনি শোধটা তুললেন কাঠগড়ায় দাঁড়িয়ে। সন্দীপন কেন সাক্ষ দিয়েছিলেন, কে তাঁর ওপর চাপ সৃষ্টি করেছিল, আমি জানি না। তাঁর বিরুদ্ধে-ও এফ আই আর ছিল না। তিনি নিজেও আজ ওব্দি এ-ব্যাপারে মুখ খোলেননি। অথচ পেঙ্গুইনের বইটায় নিজেকে হাংরিয়ালিস্ট আন্দোলনের স্রষ্টা বলেছেন। উৎপলবাবুর নামও ছিল না এফ আই আর-এ। দ্বিতীয়ত, আমি লেখা ছেড়ে দিই–বা লেখা আমাকে ছেড়ে দেয়– সম্পূর্ণ অন্য কারণে। মামলার গণ্ডোগোলের মাঝে আমার জীবনে একের পর এক নানান ঘটনা ঘটতে থাকে । সে সব এত ব্যক্তিগত যে, তার গোপনতাই যেন সুস্হতা মনে হয়। সেগুলো গোপন রাখার মধ্যে একাকীত্বের ভাল লাগা আছে। একজন লেখকের লেখা বা না-লেখার সঙ্গে আমি মনে করি না সঙ্গী-সাথীদের কিছু করার থাকে, কেননা লেখাটাতো প্রাতিস্বিক ব্যাপার। আমি সৃজনশীল লেখার কথা বলছি। শরৎবাবুর বক্তব্য সম্পর্কে আমার প্রতিক্রিয়া তুমি দেবাশিষ প্রধান-এর ‘কবিতার কাগজ’ শারদ ১৩৯১ সংখ্যায় পাবে। তবে যতটুকু মনে করতে পারি, জুলাই ১৯৬৭-এ হাইকোর্টে মকদ্দমা জিতে যাবার পর আর কোনও লেখা লিখিনি। লেখার জন্য স্হির হয়ে বসার মানসিকতা ছিল না। অস্তিত্বের অদম্য অস্হিরতায় আমি লেখা ছেড়ে দিয়েছিলুম। হয়তো এই কারণেই সুবো আচার্য দীক্ষা নিয়েছিলেন অনুকুল ঠাকুরের কাছে। হয়তো একই কারণে মার্কসবাদী দলে আশ্রয় নিয়েছেন বাসুদেব দাশগুপ্তত্রিদিব মিত্র; নকশাল হয়ে গিয়েছিলেন করুণানিধান মুখোপাধ্যায়। মৃত্যুর দিকে এগিয়েছিলেন ফালগুনী রায়। সুতরাং তোমার ওই বাজারচালু অভিযোগ বা ধারণাটি অসত্য।

অরুণেশ: হাংরি আন্দোলনের মূল স্রষ্টা কে ? আপনি না শক্তি চট্টোপাধ্যায় ? না কি কোনো ব্যক্তিকেই বলা যায় না মূল উদ্ভাবক। আপনার কি মনে হয় না স্বতঃস্ফূর্তভাবেই বিভিন্ন ঘটনা-পরম্পরার পরিণামে এই আন্দোলন গড়ে উঠেছিল ? তার মূল নেতা বলে কেউ নেই ?

মলয়: তুমি হাংরি আন্দোলনের উদ্ভাবনা, আরম্ভ, গড়ে ওঠা, নেতৃত্ব সব একাকার করে ফেলছ। হাংরি শব্দটা আমি খুঁজে পেয়েছিলুম ইংরেজ কবি জিওফ্রে চসার-এর In The Sowre Hungry Tyme বাক্যটি থেকে। কী রকম অপ্রতিরোধ্য শব্দবন্ধ্য দেখছ তো ? মনে হয় যেন আমাদের সময়ের জন্যি লেখা। এই হাংরি শব্দটা আমি প্রয়োগ করি ইতিহাসের দার্শনিক অসওয়াল্ড স্পেংলারের The Decline of the West গ্রন্হে তুলে ধরা অবক্ষয়কালীন সর্বগ্রাস তত্ত্বে । প্রথম বুলেটিনটায়, যা আমি পাটনায় ১৯৬১ সালের নভেম্বরে চাপিয়েছিলুম, তুলে দিয়েছিলুম ওই কথাবার্তা। পাটনায় ছাপানো বুলেটিনগুলো সবই ইংরেজিতে কেননা বাংলা প্রেস প্রথম থেকেই ছাপতে অস্বীকার করে। অনেকে, না জেনেই, ভুরু কুঁচকে এর মধ্যে বিদেশি গন্ধ পেয়েছিল। ঠিকানা দেয়া থাকত দেবী রায়-এর হাওড়ার বাড়ির। আন্দোলন করার জন্যেই ভেবে-চিন্তে অনেককিছু করা হয়েছিল। প্রথম থেকেই বলা হয়েছিল আন্দোলনরূপেই এর আবির্ভাব। আমি বুলেটিন, মুখোশ, পোস্টার, বিয়ের কার্ডে পদ্য, রেড-লাইটে কবিসন্মিলন, চৌরঙ্গীতে আদিবাসী রমণী, ইত্যাদির খরচ জুগিয়ে গেছি। ‘পোপের সমাধি‘ উৎপলকুমার বসু নিজেই প্রকাশ করেন। তখন রিজার্ভ ব্যাংকে একশো সত্তর টাকার কেরানিগিরি করতুম। এক পয়সাও বাড়িতে দিতে হত না। আন্দোলনকে ছড়িয়ে দেবার জন্যে এবং নতুনদের আকৃষ্ট করার জন্যে শক্তির সে সময়ের ইমেজকে অস্বীকার করা যায় না। তাঁর ‘হে প্রেম হে নৈঃশব্দ্য’ সেসময়ের কবিতার প্রেক্ষিতে ছিল অভাবনীয়। নেতা হিসেবে তাঁর নাম আমিই প্রয়োগ করি। সুনীল গঙ্গোপাধ্যায়-এর ‘একা এবং কয়েকজন’ সে তুলনায় জোলো মনে হয়েছিল। শক্তির নামে নেতা যোগ করার জন্যে সুনীল দমদমে একদিন সকালে প্রচণ্ড ক্রোধ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ‘আমি কি শক্তির থুতু চাটব?’ কলকাতার সাহিত্য-রাজনীতি পাটনায় বসে জানা ছিল না। এজন্যেই পরবর্তীকালে তিনি উষ্মা প্রকাশ করেছেন যে তাঁকে বাদ দেয়া ছিল উদ্দেশ্য। সুনীল যে ভুলটা করেছিলেন তা হল হাংরি ছিল আন্দোলন, আর ‘কৃত্তিবাস’ একটা পত্রিকা। শক্তির জায়গায় সুনীল থাকলে এই আন্দোলন কী চেহারা নিত বলা যায় না, কারণ একদল ভিন্ন চরিত্রের তরুণ আসতেন তাঁর পেছনে-পেছনে। তবে মোটামুটিভাবে আমিই পরিচালনা করেছিলুম। শক্তি ত্যাগ করেন ওই ব্যর্থ প্রণয় থেকে তাঁর কবিত্ব গীতিময় ও কূটবর্জিত হয়ে উঠছিল বলে। দেবী রায়কে আমি টাকা পাঠিয়ে দিতুম। লেখা যোগাড়, ছাপানো, পাঠানো এসব তিনি করতেন, তাই তাঁর অবদানও অস্বীকার করা যায় না। দেবীর কাজগুলো, পাটনায় বসে, যেখানের প্রেস হাংরি বুলেটিন ছাপতে চায়নি, আমার পক্ষে সম্ভব ছিল না। তুমি যা বলছ, তাও ঠিক। স্বতঃস্ফূর্ততার ইনটার-অ্যাকশান একটা পর্যায়ে আন্দোলনকে জোরদার করে। তখন আর কেউ নেতা ছিল না। তাই শম্ভু রক্ষিত যখন হাংরি আন্দোলনের হয়ে ‘ব্লুজ’ ছাপান তখন চটে যান অনেকে। এখন তো কুচবিহার ছাড়াও আসানসোল ত্রিপুরা মেদিনীপুরেও হাংরি ছিটমহল গড়ে উঠেছে শুনি। আমি কাউকেই চিনি না।

অরুণেশ: সারা দেশেই ক্ষুধার্ত আন্দোলনের জোয়ার বইছে। ঠিক তখনই লেখা বন্ধ করে সরে গেলেন কেন ? ক্ষুধার্ত লেখালিখির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন ? আন্দোলনের ভবিষ্যৎ সম্পর্কে হতাশ হয়ে পড়েছিলেন ?

মলয়: তুমি বোধহয় বলতে চাইছ হাংরি খ্যাতি ভাঙিয়ে খাওয়া আরম্ভ করলুম না কেন , নাকি ? লেখা কেন ছেড়েদিয়েছিলুম তা তো তোমায় বললুম এক্ষুনি। খ্যাতির তালে, গুছিয়ে নেয়া যেতে পারত অবশ্য। কিন্তু তখন আমার মনমেজাজ এমন যে, বেঁচে থাকাটাই মূল জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে। লেখালিখি কিংবা ভবিষ্যত ভাবার ফুরসত ছিল না।আর ক্ষুধার্ত লেখালিখির প্রতি বিশ্বাস বলতে কী বোঝাতে চাও? লেখক তো নিজের লেখা সম্পর্কে ভাবনা-চিন্তা করবে। ওটা তো সবে মিলি করি কাজ গোছের ব্যাপার নয়। যেমন তোমার লেখার সম্পর্কে জীবতোষ দাসের যে মতামতই থাকুক না কেন, তা তো ওর লেখালিখির নিদান নয়। আন্দোলনের ভবিষ্যত সম্পর্কে যে-ধারনাই থাকুক না কেন আন্দোলনকারীর, তার জন্যে তিনি লেখা বন্ধ করে দেবেন কেন ? তুমি বোধহয় নিজেকে বুঝিয়ে উঠতে পারছ না কেমন করে অত খ্যাতির মাঝখানে লেখা বন্ধ করে দিলুম দুম করে। আমিও মনীষ ঘটককে জিগ্যেস করেছিলুম, কেন উনি লেখা ছেড়ে দিলেন ? উনি বলেছিলেন, ‘মাথায় আসে না, মাথায় আসলেও হাত ওব্দি আসে না।’ তোমার কথাবার্তা থেকে তোমার ওই ঘুঘুমারি গ্রাম দেখার খুব ইচ্ছে হচ্ছে। তখনকার আমার জীবনের একটা ঘটনা তোমায় বলি। বাড়িতে আমার মেজজ্যাঠামশায়ের লাশ পড়ে। মুখাগ্নি করার কথা আমার, আমি সেদিন বিয়ে করছি। শ্রাদ্ধের ভোজ খেতে এসে অনেকেই তো দক্ষিণার টাকাটা আমার স্ত্রীর হাতে ‘মেনি হ্যাপি রিটার্নস’ বলে দিয়ে গেলেন।

অরুণেশ: পুলিশের কাছে দেওয়া বিবৃতি যদি সত্য হয়, তাহলে দেখা যাচ্ছে যারা হাংরি আদর্শের বিরোধিতা করেছিলেন, তারাই পরবর্তীকালে ‘ক্ষুধার্ত’ পত্রিকা ও লিফলেট বের করেছেন। তাদের এই সক্রিয়তা দিয়েই কি পুলিশের কাছে দেওয়া সাক্ষ্য, ধরেই নিচ্ছি তা সত্য, মিথ্যা প্রমাণিত হয় না ?

মলয়: আমি দেখছি জবানবন্দি-মুচলেকাগুলো তোমাকেই দোটানায় ফেলেছে। সবচেয়ে আগে তুমি ব্যাংকশাল কোর্ট থেকে নথিপত্রগুলোর একটা করে সার্টিফায়েড কপি জোগাড় করো। ৯ নম্বর প্রেসিডেন্সি ম্যাজিসট্রেটের এজলাসের ১৯৬৫ সালে মকদ্দমা নং জি আর ৫৭৯। তার পর মুখচোখ ধুয়ে মাথা ঠান্ডা করো। তুমি কখনও পুলিশের খপ্পরে পড়নি মনে হচ্ছে। তুমি তো এখন হাংরি আন্দোলন করছ। ধরো তখন তুমিও একজন আন্দোলনের শরিক। তুমি কী করতে ? মুচলেকা-জবানবন্দি দিয়ে আবার ‘ক্ষুধার্ত‘ বের করতে ? আমার মনে হয় ডক্টর উত্তম দাশ তাঁর আলোচনায় যা বলেছেন সেটাই সঠিক। ‘মহাদিগন্তে’ ওঁর লেখাটা পড়েছ তো জুলাই-সেপ্টেম্বর ১৯৮৪ সংখ্যায় ? ওঁর বক্তব্য হল, “এই লেখকদের মধ্যে মূল আদর্শের প্রতি আনুগত্য ছিল.  ফেঁসে যাওয়া মামলায় মলবকে ডুবিয়ে দিয়ে সরে পড়বার তুমুল ইচ্ছা ছিল না, তবে সাধ্য ও সাহস ছিল না সাহায্যে আসার। কিন্তু কোর্টে মামলা চলাকালীন নিজেদের বিবেক শুদ্ধ রেখেছিলেন শৈলেশ্বর ও সুভাষ। পুলিশের কাছে জবানবন্দির ভয় ও বিহ্লতা নিজেদের মুক্ত করেছেন।” ওঁদের সঙ্গে তোমার বন্ধুত্ব থাকায় কিংবা বহু খবর তোমার গ্রামে বসে না পাবার দরুণ, তোমার এরকম গ্লানিবোধ হচ্ছে কেন ? আন্দোলনের কুড়ি বছর পর তুমি নিজেকে হাংরি আন্দোলনকারী মনে কর বা না-ই কর, তাতে তোমার নিজের লেখার হেরফের হবার তো কথা নয়। কিউবিস্ট আন্দোলনের এত পরেও ওই ফর্মে উৎকৃষ্ট ছবি আঁকা হচ্ছে। তবে ? ওভাবে পুলিশের কাছে দেওয়া বিবৃতির সত্য-মিথ্যা যাচাই হয় না। বিবৃতি দিয়েও তাঁরা কোর্টে আমার পক্ষে সাক্ষ্য দেন। সেটাই তো যথেষ্ট। আর নিজেকে হাংরি না বললেও, সুভাষ কিংবা শেলেশ্বরের লেখায় কোনও উৎকর্ষগত পরিবর্তনের প্রশ্ন ওঠে না।

অরুণেশ: শৈলেশ্বর ঘোষ সম্পর্কে দেবী রায়ের কাছে যে অভিযোগগুলি করেছিলেন, কি করে তার সত্যতা প্রমাণ করবেন? ওই অভিযোগগুলি সম্পর্কে বিস্তারিত ও খোলাখুলি বলুন।

মলয়: তুমি বোধহয় ‘পথের পাঁচালী’ কিংবা ‘মহাদিগন্ত’ পত্রিকা পড়ে ওই চিঠিটার কথা জেনেছ। চিঠিটা খুব-সম্ভব ১৯৬৭ সালে বা তার আগে লেখা যখন বেশ উত্তেজিত অবস্হায় ছিলুম। দেবীবাবু ওটা যত্ন করে রেখেছেন মনে হয় আর গবেষণা করার জন্য  বা কেউ তথ্য চাইলে ওটা মেলে ধরেন। চিঠিটায় কী আছে, এতদিন পর আর খেয়াল নেই, সেসময়ের খেয়োখেয়ি আছে হয়তো। আমার এখনকার মানসিকতায়, আমি ওই চিঠির বক্তব্য থেকে অনেক দূরে। এখন কাউকে সামগ্রিক তাচ্ছিল্য পছন্দ করি না। চিঠিটা গর্হিত।

অরুণেশ:শৈলেশ্বরের পালটা অভিযোগ, বিদেশের একটি পত্রিকায় The Greatest Poet of Bengal নিজের সম্পর্কে এই প্রবন্ধটি নিজেই লিখে ‘চুরি করে’ শৈলেশ্বর, প্রদীপ, সুভাষ এদের নাম বসিয়ে দিয়েছিলেন। এই অভিযোগ সম্পর্কে খোলাখুলি বলুন।

মলয়: আমি যতদূর মনে করতে পারছি ও-ধরণের কোনও রচনা কোনও কাগজে আমার নজরে পড়েনি। তুমি তো সেই ১৯৭৫ থেকে শৈলেশ্বরবাবুর বাসায় যাতায়াত করছ এবং যথেষ্ট নুন খেয়েছ। পত্রিকাটা ওঁর কাছে চাইলে না কেন? সত্য-মিথ্যা নিজেই যাচাই করে নিতে পারতে। আমার সঙ্গে দেখা করার জন্যে যেখানে অ্যালেন গিন্সবার্গওকতাভিও পাজ আসছেন, সেখানে বিদেশের কোনো কাগজে সম্পূর্ণ নাম-না-জানা শৈলেশ্বর, প্রদীপ, সুভাষের সার্টিফিকেটের দরকার হয় কী ? নিজেই ভেবে দ্যাখো। তিনজনের লেখা ওই প্রবন্ধটা জোগাড় করতে পারলে পাঠিও। আর, চুরি করার অভিযোগ থাকলে কেউ লেখা থেকে সরে পড়ে নাকি ? তাহলে তো ‘প্যাপিলন‘ বা ‘আওয়ার লেডি অব দি ফ্লাওয়ার্স’ লেখাই হত না। তুমি যখন বলছ, তখন শৈলেশ্বরবাবু কোথাও-না-কোথাও অভিযোগটা লিপিবদ্ধ করেছেন। পাও যদি তো এক কপি সংগ্রহ করে দিও। কিন্তু এই বয়সে শৈলেশ্বরবাবু অমনধারা কথাবার্তা বলেন বলে মনে হয় না। অবশ্য তাঁর সঙ্গে আমার বহুকাল দেখানেই। তিনি মাঝে একদিন রাত্তিরে একজনের মাধ্যমে আমায় খবর পাঠিয়েছিলেন যে বিবৃতিগুলো এখন জনগোচরে না আনাই ভালো—কিন্তু তখন আমি ওগুলো ডক্টর উত্তম দাশকে দিয়ে দিয়েছি অলরেডি। শুনেছি পুলিশ কমিশনার প্রণব সেন ফাইলটা ক্লোজ করার সময়ে যত্নে রাখার নোটিং দিয়ে যান। ফলে কেউ না কেউ খুঁজে বের করতই।
অরুণেশ: যে জ্যোতির্ময় দত্ত কুৎসিতভাবে ক্ষুধার্ত আন্দোলনকে আক্রমণ করেন, সেই জ্যোতির্ময় দত্তের কাগজে হঠাৎ করে লিখতে গেলেন কেন ?

মলয়: তুমি সপ্তম সংকলন ক্ষুধার্ত পড়েছ তো ? ওতে শৈলেশ্বর ঘোষ সম্পর্কে আমার একটা নিবন্ধ আছে। শৈলেশ্বরবাবুর লেখা নিয়ে বোধ হয় ওটাই আপাতত একমাত্র প্রামাণ্য রচনা। তোমার, জীবতোষ দাস, অশ্রুকুমার শিকদারের ধানাই-পানায়ের সঙ্গে তুলনা করে দেখতে পার। আমার মকদ্দমায় ওনার আচমকা রাজসাক্ষী হতে রাজি হয়ে গিয়ে ৩৫ মাস ব্যাপী আসামি হা…জি…র চিৎকারের নিস্তরঙ্গ অন্ধকারের ধ্বনিপিঞ্জর সত্ত্বেও ওটা লিখেছি। জবানবন্দি-মুচলেকার পরেও লিখেছি। তাঁরই কাগজ । তাঁরই সম্পর্কে। তবু লিখেছি। এতে নৈতিকতার গণ্ডোগোল নেই। তাছাড়া বহু তথ্য তুমি যেমন জান না, সেরকম এটাও জান না বোধ হয় যে ‘সল্টেড ফেদার্স’ পত্রিকায় শৈলেশ্বর, সুবো, প্রদীপ, সুভাষের লেখা উনিই অনুবাদ করেন। যে সময়ে সুবিমল বসাক ছাড়া কোনও ক্ষুধার্ত কোর্টে আসতেন না, জ্যোতির্ময় দত্ত খোঁজ-খবর করেছেন, মকদ্দমা লড়ার পয়সা জোগাড় করে দিয়েছেন, হাইকোর্টের জন্যে করুণাশঙ্কর রায়কে উনিই খুঁজে দিয়েছিলেন। এমনকি, আমার তরফের সাক্ষী হবার জন্যে জ্যোতির্ময় প্রথমে এগিয়ে আসেন। তরুণ সান্যাল-ও,বামপন্হী দলের সঙ্গে তর্ক করে নিজে সাক্ষী দিতে রাজী হন। সুনীল গঙ্গোপাধ্যায় যদিও বলে থাকেন যে , তিনিই সবচেয়ে প্রধম আমার সাক্ষী হতে রাজি হন, ওটা ভুল। জ্যোতির্ময় দত্ত আর তরুণ সান্যাল লেখকের স্বাধীনতার জন্য এগিয়ে আসেন। সুনীলবাবু প্রথমে রাজি হননি। আমার দাদা সমীর রায়চৌধুরী তাঁর বাল্যবন্ধু। দাদার অনুরোধে শেষ পর্যন্ত সাক্ষ্য দেন। তবে তাঁর সাক্ষে  ম্যাজিস্ট্রেট ওরকম স্মার্ট কথাবার্তায় বিপন্ন বোধ করেছিলেন। হ্যাঁ, এটা ঠিক, ক্ষুধার্ত আন্দোলনকে হেয় করার জন্য জ্যোতির্ময় দত্ত ‘দেশ‘ পত্রিকায় কোনও বিশেষ সংখ্যায় নিবন্ধ লিখেছিলেন। তখন আমিও রেগে গিয়েছিলুম। কিন্তু জ্যোতি ক্ষুধিত প্রজন্মের প্রতি অপছন্দ জাহির করেও যত সাহায্য একই সময়ে করেছিলেন, হাপিস হয়ে-যাওয়া ক্ষুধার্তরা সে-সময়ে তা করেনি। আরেকটা জিনিস তুমিও লক্ষ করবে। আমার লেখা থাকলে পত্রিকার চরিত্র পালটায়। জ্যোতির্ময় দত্ত আমার একটা উপন্যাস প্রকাশ করবেন। সম্পাদকের যথেষ্ট সাহস দরকার হয় আমার ক্রিয়েটিভ লেখা ছাপতে। আর উনি তো ‘এমারজেন্সির’ সময়ে ছাদ থেকে লাফ মেরে পা ভেঙেছিলেন। আমরা সবাই তখন কি-ই বা করেছি। সাশ্রুনয়নে পৃথিবীর দিকে তাকিয়ে জন্মান্ধ যে সৌন্দর্যকে বিমূর্ত মনে করে, সেই বনপ্রান্তর, গাঁওবাসা, মেঘসূর্য দেখেই আমাদের জীবন মূর্ত। কেউ আক্রমণ করলে তা সহ্য করার যথেষ্ট ক্ষমতা রাখি। আমি আমার সততা বজায় রাখব এবং জ্যোতির্ময় তাঁর নিজের। আমরা কেন পরস্পরের সঙ্গে ঢলানি করব?

অরুণেশ: যাঁরা এখন ক্ষুধার্তবিরোধী, যাঁরা ক্ষুধার্ত আন্দোলনকে মনে করেন ‘মিউজিয়ামের বিষয়বস্তু’, তাঁদের সঙ্গেই আপনার ঘনিষ্ঠতা। আপনিও কি তাই মনে করেন ?

মলয়: ব্রিটিশ মিউজিয়ামের এনট্রি খাতায় ১৮৭৩ সালের র‌্যাঁবো-র সই দেখার জন্যে প্রতি বছর কয়েক লক্ষ লোকের ভিড় হয় বলে শুনেছি। আমিও আমার মতনই লিখে আমার মতনই ওরকম অবাক পাঠকের শ্রদ্ধা চাই। তোমার ভাসাভাসা কথায় বুঝতে পারছি না ঠিক কার কথা তুমি বলতে চাইছ ? তুমি, আমার মনে হয়, দীপঙ্কর রায়-এর লেখাটার কথা টেনে এনেছ। তিনি গ্যাঁটের কড়ি খরচ করে তাঁর পত্রিকায় হাংরি আন্দোলন সম্পর্কে অনেকের মতামত ছেপেছিলেন, আমার এক সাক্ষাৎকারের সঙ্গে। অতয়েব তাঁর সঙ্গে আমার ততটাই ঘনিষ্ঠতা, যতটা তোমার সঙ্গে। আর কার কথা বলছ ? পবিত্র মুখোপাধ্যায়, ধুর্জটি চন্দ, বাসুদেব দেব ? না, তাঁদের সঙ্গেও নেই। তবে যে-কারণে তোমার পত্রিকার সঙ্গে যুক্ত হতে অনিচ্ছা বা লজ্জাবোধ বা গ্লানিবোধ নেই, সেরকম তাঁদের পত্রিকার সঙ্গে যুক্ত হতে আপত্তি নেই। আমি টোটালিটেরিয়ান নই। আমার চরিত্র এমন, যে কারোর সঙ্গে ঘনিষ্ঠতয় অসুবিধা হয়, যদিও আমি ঘনিষ্ঠতা চাই। আমি কোথাও আড্ডা মারতে যাই না, সন্ধ্যার পর থেকে একলা থাকি, খুব কম কথা বলি, কোনও বন্ধুবান্ধব নেই। পাঠকের ব্যাপারে একটা খবর দিই তোমায়। তোমার বইটা প্রণবেন্দু দাশগুপ্ত রিভিউ করার পর তোমার বন্ধু ক্ষুধার্তরা সবাই তাঁকে রেগুলার বই-পত্রিকা পাঠিয়েছেন। এতেও নষ্টামির কিছু নেই। এখন প্রণবিন্দু তো সম্পূর্ণ ভিন্ন মানসিকতার মানুষ, অথচ তোমার লেখার প্রশংসা করেছেন। তিনি ক্ষুধার্ত নন বলে তাঁর মধ্যেকার পাঠককে কি তুমি অনাদর করবে ? বহুকাল পরে অলোকরঞ্জন দাশগুপ্ত-র সঙ্গে দেখা হতে, তিনি বলে উঠলেন, ‘বাব-বা কী শান্ত-শিষ্টটাই হয়ে গেছেন, চেনাই যায় না’। শুনে আমার ভালই লেগেছে।

অরুণেশ: ১৫/১৬ বছর পর আবার লেখালিখিতে ফিরে এসে, এখন নিজেকে আর ক্ষুধার্ত লেখক মনে করেন না। নিজেকে মনে করেন ৮০-র দশকের লেখক। আমরা জানি দশকওয়ারি কবি বা লেখকরা ছোটকাগজগুলোতে হাত মকসো করে চলে যান বড় কাগজে, প্রতিষ্ঠানে। আপনার লক্ষও কি তাই ?

মলয়: তোমার কি মনে হয় আমার নামের জন্যে প্রতিষ্ঠানের দরকার ? প্রতিষ্ঠান মানে তো তুমি বলতে চাইছ আনন্দবাজার যুগান্তর বসুমতী সত্যযুগ কালান্তর গণশক্তি প্রতিক্ষণ রেডিও টিভি। আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তাহলে। হাংরি আন্দোলনকে এককালে যাঁরা সারা ভারতে প্রচার করেছিলেন সেই কমলেশ্বর, শ্রীকান্ত ভর্মা, মুদ্রারাক্ষস এখন ভারত-প্রতিষঠানের কর্ণধার। সেই পুপুল জয়াকর, যিনি আমার মকদ্দমার কথা ইন্দিরা গান্ধীর নজরে এনেছিলেন, তিনি এখন ভারতবর্ষের সাহিত্য-সংস্কৃতি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক। গ্যাঁট হয়ে বসতে চাইলে, কলকাতায় আমাকে চেয়ার খুঁজে বেড়াতে হবে না। হাত মকসো করার সময় আমার নেই বলেই মনে করি। আমার লেখা ছাপলে একটা ছোটকাগজ কোন স্তরে পৌঁছোয়, সে অভিজ্ঞতা আমার এই সাক্ষাৎকার প্রকাশের পর টের পাবে। এতকাল ধরে তো বেশ কিছু সংখ্যা তো বের করেছ ? নিজেকে ক্ষুধার্ত লেখক মনে করি না , কারণ এখন আমার জীবনযাপন, আর্থিক অবস্হা, ভাবনাচিন্তা লেখালিখি সবই অন্যরকম। আমি মনে করি পশ্চিমবঙ্গের বাঙালিরা নিজেই একটা প্রতিষ্ঠান—সেখানে সর্বহারা আর বুর্জোয়ার প্রভেদ নেই, যেটা মরিচঝাঁপি থেকেই বেশ পরিষ্কার। আমি একজন সাংস্কৃতিক জারজ যে ওই বাঙালি এসট্যাবলিশমেন্টে সম্পূর্ণ বহিরাগত– দি আউটসাইডার অ্যালেন গিন্সবার্গকে লেখা আবু সয়ীদ আইয়ুব সাহেবের চিঠিটা পড়েছ তো ? উনিও সেখানে নিজেকে বঙ্গভাষী ঘোষণা করেছেন। মানে, ভাষাটা তাঁর, আমার নয়। আমার কাছে ‘আনন্দবাজার‘ ও ‘জিরাফ‘ দুটোই ওই পক্ষের জিনিস। আমি যে দেশকে লিখব আমার লেখাটা সেই দশকের। সে-ব্যাপারটা যে তুমি ধরতে পারনি তা তো বুঝতেই পারছি।’ক্ষুধিত প্রজন্ম ষড়যন্ত্র মামলা’ থেকেই ওই প্রতিষ্ঠান আর দশক ব্যাপারগুলো আমার কাছে ঝরঝরে। কলকাতার বৃষ্টিতে বিহারি মুটের মাথার চুবড়িতে বসে সর্বহারার নেতাকে রাস্তা পার হতে দেখেছি। নিজেকে ‘ক্ষুধার্ত’ বলে মনে করি না মানে এ নয় যে, তোমার কবিতা বা সুভাষ ঘোষের গদ্য-র সৃজনশীলতাকে হালকা হাসি বা জটিল বাক্যাংশ দিয়ে উড়িয়ে দেব। প্রতিষ্ঠানে ঢুকতে চাইলেই ঢোকা যায় কে বললে তোমায় ? লাল হলুদ নীল যে প্রতিষ্ঠানর যেতে চাইবে তার রং ধরতে হবে তোমায়, কিংবা পালটে-পালটে এ-রং সে-রং করতে হবে, তোমার নিজের রং বজায় রাখা চলবে না। সেখানে আমার রং তো কয়লার, আগুন লাগালেই শুধু বদলায়। রইল বড়-কাগজের প্রশ্ন। তাদের কাজ স্হিতাবস্হা বজায় রাখা। শারদ ১৩৯১ ‘কৌরব‘-এ প্রকাশিত আমার গল্পটা তুমি তো পড়েছ । পড়ে ধারণা হয়েছে কি যে, আনন্দবাজার যুগান্তর গণশক্তি ওটা ছাপত ? আমি তোমায় গল্পটার স্বত্ত্ব দিয়ে দিচ্ছি। তুমি ঘুরে-ঘুরে ফিরি করে এসে জানিও তোমার অভিজ্ঞতা। আমার চেয়ে অক্ষম অথর্ব সহসম্পাদকরা ওখানে লেখা বাছাই করে। আমার লেখা হাতে নিলে তাদের হাতে আঙুলহাড়া হয়ে যাবে, মালিক তাদের চাকরি কেড়ে নেবে। আমার লেখা মলয় রায়চৌধুরীর লেখা হবে, তা যদি তাঁরা ছাপেন তো আপত্তি কিসের ? আমি পাঠকের শ্রদ্ধায় বঙ্কিম মাইকেল মানিক সতীনাথ লোরকা নেরুদা ব্রেখত মায়াকভস্কি জোশ মলিহাবাদীর মতন স্হান চাই। আমি কাগজ চাই না । আমি প্রকাশক চাই—এমন কি শংকর বা বিমল মিত্রের বইয়ের প্রকাশকও যদি আমার বই ছাপতে চান তো আমি ছাপতে দেবো। আমি তোমার মতন পাঠক চাই যাঁরা ওই গণ্ডগ্রামে বসেও আমার লেখাকে প্রশ্রয় দেবেন। তোমার কথার মোটিভ, আমি এর আগে সূত্রপাত, দ্বন্দ্বশূক, আন্তর্জাতিক ছোটোগল্প, এখন এইরকম, বিজ্ঞাপন পর্ব, প্রথমত ইত্যাদি পত্রিকায় দেখেছি। এও দেখেছি যে ওই কাগজগুলোর গায়ে খাঁটি পেডিগ্রিপ্রাপ্ত কলকাতা-কেন্দ্রিক বাঙালি এসট্যাবলিশমেন্টের আঁশটে গন্ধ আগাপাশতলা ভরা আছে। তারাও মনে করে পশ্চিমবাংলাই বুঝি বাঙালির একমাত্র পার্থিব-মানস। বস্তুত ওই বহিরাগতের বোধই আমায় হাংরি আন্দোলনে প্ররোচিত করেছিল। ওইসব কাগজে যখন লেখা হয়েছিল হাংরি আন্দোলনের সাথে সামাজিক মূল্যবোধের কোনও যোগ নেই, তখন তোমার উচিত ছিল তাদের বলা যে অসওয়াল্ড স্পেংলার-এর সভ্যতার অবক্ষয় সম্পর্কিত ইতিহাসের দর্শন মুখস্হ করে আসতে, কেননা সামাজিক অবক্ষয়ের  এমন তথ্যনির্দেশ মার্কস-এও নেই । আমার প্রথম বইটাই ছিল ‘মার্কসবাদের উত্তরাধিকার’।

অরুণেশ: আপনার ক্ষুধার্ত পর্যায়ের মৌলিক লেখার সঙ্গে পাঠক একেবারেই অপরিচিত। সেগুলি কি বই এর আকারে বের করা যায় না ? পাঠক দেখতে চায় আপনার মৌলিক কাজ। ভাবছেন কিছু ?

মলয়: হাংরি আন্দোলনের সময়ে লেখা আমার কবিতার বই, নাটক, ইশতাহারগুলো অনেকে রেখেছেন নিজেদের কাছে, কিন্তু হাতছাড়া করতে চান না। তুমি এক্ষুনি বলেছিলে মিউজিয়ামের বিঢ়য়বস্তু। ইশতাহারগুলোর কিছু জেরক্স জোগাড় করেছি। ন্যাশানাল লাইব্রেরি থেকে কবিতা আর নাটকের কপি করাবার চেষ্টা করছি। তিনটে বই বের করার ইচ্ছে আছে হাংরি আন্দোলনের সময়ে রচিত লেখা নিয়ে : ইশতাহার সংকলন, নাটক সংকলন এবং কবিতা সংকলন। সহৃদয় প্রকাশকের খোঁজে। বইগুলোর প্রকাশনা সম্পর্কিত তধ্যও আমি দিতে চাই। শক্তি চট্টোপাধ্যায় প্রকাশ করেন ‘মার্কসবাদের উত্তরাধিকার‘, একটা কপি রেখে বাকিগুলো পেট্রল ধরিয়ে আগুন লাগানো হয়েছিল। ‘শয়তানের মুখ‘ বেরোয় কৃত্তিবাস প্রকাশনী থেকে, তার বহু কবিতায় ‘ক্যানসেল্ড’ স্ট্যাম্প মারা হয়েছিল। সেরকম একটা কপি সংগ্রহ করতে হবে। ‘ইল্লত’ নাটক প্রত্যাখ্যান নিয়ে ‘বহুরূপী’‘গন্ধর্ব‘ আপিসে কর্তারা কেলোর কিত্তি করেছিলেন। ইশতাহার বিতরণ করার দরুণ সুবিমল বসাককে কলেজস্ট্রিট কফিহাউসের বাইরে ঘিরে ফেলে প্রহার করা হয়েছিল। সেই ইশতাহারটা সংগ্রহ করতে হবে। আমি নিজের কোনো লেখাই সংগ্রহে রাখিনি। কিন্তু তুমি ক্ষুধার্ত ঘোষণা করলে নিজেকে অথচ তোমার কাছে কেন আমার লেখাগুলো সাপ্রেস করা হল, তা জানবার চেষ্টা করোনি দেখছি। নাকি, কলকাতা থেকে বহুদূরে আছ বলে প্রাথমিক তথ্যে অহরহ বঞ্চিত হও। নাছোড়বান্দা পাঠক কিন্তু খুঁজে বের করে। লেখা ছেড়ে দেওয়া সত্ত্বেও এই দেড় দশক ধরে অচেনা পাঠক আমার পেছু ছাড়েননি। তাঁরা আমার কৃতজ্ঞতাভাজন। আমিই এতদিন তাঁদের কাছে বোবা হয়ে থেকেছি। ইশতাহারগুলো বিনে পয়সায় বিলি করা হত বলে অনেকে এককালে টিটকিরি মেরেছেন। আমার বই বের হলে, তোমায় কিনতে হবে। আমি কাউকে সৌজন্য কপি দেব না। যে পড়তে চায় সে কিনে পড়ুক।

অরুণেশ: আপনি বলেছে, ‘আমিই আন্দোলন, আমিই ভেঙে দিচ্ছি’। কোন উদ্দেশ্য নিয়ে আন্দোলন শুরু হয়েছিল ? সে-উদ্দেশ্য কি সফল হল? নাকি ব্যর্থতার জন্যই ভেঙে গেছে ?

মলয়: ছ্যাঃ, তথ্যের বিকৃতি ঘটাচ্ছ তুমি। আমি অমন বলিনি। আমি বলেছি, ‘যাঁরা নিজেদের এখন হাংরি বলছেন, তাঁরাই হাংরি ক্ষুধার্ত ক্ষুৎকাতর। আমি মলয়, মলয় রায়চৌধুরী হয়ে উঠতে চাই। আমিই আন্দোলন’। তুমি আমার বক্তব্যের ইমপোর্ট ধরতে পারোনি। তুমিও নিজেকে হাংরি বলছ বলে বোধহয় কথাটা তোমার খারাপ লেগেছে। আমি আমার সম্পর্কে যাই ভাবি না কেন, তাতে তোমার অবমাননার কিছুনেই। আমি আমার সম্পর্কে চিন্তা করি, আমার অভিজ্ঞতা, অনুভব, অনুভূতি অনুযায়ী, যা জমে চলেছে বছরের পর বছর। তুমি তোমার বিষয়ে ভেবে যা ঠিক করছ তা তোমার মানসদুনিয়া। তবে, আমি মনে করি, ১৯৬৫ সালের মে মাসের তিন তারিখে হাংরি আন্দোলন প্রকৃত অর্থে ফুরিয়ে যায়। কেননা সেইদিন ব্যাংকশাল কোর্টে আমাকে যে চার্জশীট দেয়া হয়, তার সঙ্গে হাংরিদের দেয়া জবানবন্দি-মুচলেকাগুলো জানাজানি হয়ে যায়। তারপরে আন্দোলনকে আমি কিছুদিন হিঁচড়ে নিয়ে যাই, কিছুদিন শৈলেশ্বর, কিছুদিন সুবিমল বসাক, তারপর তুমি। হাংরি আন্দোলন এবং হাংরিয়ালিজম দুটো আলাদা ব্যাপার, এটা তো জানো ? তেসরা মে ১৯৬৫এর পর আন্দোলন আর ‘মুভ’ করে না, ফলে তা আর ‘মুভমেন্ট’-ও থাকে না, যা থাকে তা হল ভরবেগ। আন্দোলন কী ভাবে ভাঙল এবং কেন, ওই সময়ে তুমি থাকলে টের পেতে। এখন তথ্যের ভিত্তিতে আঁচ করো। আমি বলব তুমি একজন হাংরিয়ালিস্ট, হাংরি আন্দোলনকারী নও। আন্দোলন যে সফল হয়েছিল, তার প্রমাণ তো তুমিই। নয়তো আন্দোলন আরম্ভ হবার দেড় দশক পরে তুমি নেজেকে ক্ষুধিত প্রজন্মের একজন মনে করে গৌরব বোধ করবে কেন ? এই সূত্রে আরেকটা কথা বলি এখন। সমরেশ বসু-র ‘বিবর’ বের হলে সন্তোষকুমার ঘোষ লিখেছিলেন, এবং পরে বাসুদেব দেব তা রিপিট করেছেন, যে, হাংরি আন্দোলন যা করতে চেয়েছিল, সমরেশবাবু ‘বিবর‘-এ তা করে দেখিয়ে দিলেন। হাংরি আন্দোলন যৌনতাকে কমোডিটি করতে চায়নি, তাই যৌন-শব্দ ও বাকপ্রতিমা এমনকি অনুষঙ্গ এসেছে সম্পূর্ণ অযৌন প্রেক্ষিতে, যখন কি না সমরেশবাবু যৌনতাকে পাঠকের সঙ্গে তাঁর মাধ্যম করেছেন। সেই সঙ্গে হাংরি আন্দোলনের ঝড় যে অনুসন্ধিৎসা এনেছিল পাঠকদের মধ্যে, সমরেশবাবু তার বাজার তৈরি করে যৌনতা বেচতে বসে যান। তার আগে তাঁর লেখার বিষয়বস্তু একেবারে আলাদা হত। তাঁর নিজের কোনও গদ্যশৈলী নেই। যৌনতানির্ভর তাঁর লেখাগুলোকে এক্সপোজিশান মনে করা ভুল। হাংরি আন্দোলনের শিক্ষিত সমীক্ষা তেমন হয়নি, কিছু হাফ-লিটারেট এদিক-ওদিক ভাসা-ভাসা মন্তব্য দিয়ে অনেকে ছেড়ে দিয়েছেন। বাংলাভাষার সমস্যা হল কোনও সমালোচক নেই, সকলেই কবিলেখক। কবি বা গল্প-উপন্যাস লেখকের কাছ থেকে উচিত সমালোচনা আশা করা যায় না। নিজের ঢাক না পিটে তাই সময়ের অমোঘ নির্দেশের অপেক্ষা করো।

অরুণেশ: এটা কি স্বীকার করবেন যে ক্ষুধার্ত অনুপ্রেরণায় অনুপ্রাণিত কবি ও লেখক ছাড়া, অনেকেই হয়তো সরাসরি ক্ষুধার্ত নয়, অন্যকারোর দ্বারা সেরকম মৌলিক লেখা হচ্ছে না। যা হচ্ছে তা মৃত ও অসাড়।

মলয়: তোমার এই ধারণাটা শঙ্খ ঘোষ তো আগেই ভেঙে দিয়েছেন তাঁর সাক্ষাৎকারে। আন্দোলন জীবন ও সাহিত্যকে পৃথক রাখেনি। আন্দোলন ঝড় বইয়ে দেয় পরীক্ষা-নিরীক্ষার। আন্দোলন লেখায় সততাকে প্রধান শর্ত করে। তবু, অনেকে, আলাদা মানসিকতা থেকে যথেষ্ট মৌলিক লেখা লিখতে পেরেছেন। যেমন জয় গোস্বামী, মল্লিকা সেনগুপ্ত, শঙ্করনাথ চক্রবর্তী, কমল চক্রবর্তী, বরুণ চৌধুরী, কেদার ভাদুড়ি প্রমুখ। এছাড়া পুষ্কর দাশগুপ্ত কবিতার আঙ্গিকে চূড়ান্ত অস্হিরতা ঢুকিয়ে তাকে একটা সাবভারসিভ শস্ত্রের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সজল বন্দ্যোপাধ্যায়পরেশ মণ্ডলের সঙ্গে— তাকে, সেই প্রচেষ্টাকে, নস্যাৎ করাটা ভুল হবে। শক্তি, সন্দীপন, উৎপল, বিনয় হাংরি আন্দোলনে ছিলেন বলেই মৌলিক বলা যায় না। তাঁরা আগে থাকতেই লিখছিলেন— আমরাই বরং তাঁদের সাহসের দ্বারা এককালে অনুপ্রেরণা পেয়েছি। ক্ষুধার্তরা বা ক্ষুধার্ত অনুপ্রেরণা ছাড়া আর কিছু মৌলিক নয় মনে করাটা ছেলেমানুষি হয়ে যায়। ক্ষুধিত প্রজন্ম আন্দোলনকে অস্বীকার করে বা হেয় করে অনেকে একইরকম ছেলেমানুষি করেন। তুমি তো কলকাতায় থাক না, মাটিপৃথিবীর কাছাকাছি নিজের গাঁয়ে থাক, তোমার মধ্যে অন্তত উদারতার বিস্তার আশা করা যায়। নাকি, অসুখের বীজ তোমার মধ্যেও সেঁদিয়েছে ? তোমার লেখা যেসব কাগজে বেরিয়েছে তার কয়েকটায় এই রকম মন্তব্য অনেকে করেছে দেখলুম, যে, শক্তি, উৎপল, সন্দীপন কিসুই লিখতে পারেননি ইত্যাদি। একদিকে তুমি বলবে ক্ষুধিত প্রজন্মের লেখকরাই মৌলিক, আবার অন্য দিকে যেই কেউ তোমাদের বিরোধিতা করলেন , কিংবা আন্দোলন থেকে আলাদা হয়ে গিয়েছিলেন বলে, তাঁর লেখা মৌলিক নয়, এই যুক্তিটা জোচ্চুরির পর্যায়ে পড়ে। যেমন ,বাসুদেব দাশগুপ্তকে নিয়ে কী করবে তোমরা ভেবে পাচ্ছ না এখন, কেননা তিনি হাংরি আন্দোলন সম্পর্কে ভিন্ন কথা বলা আরম্ভ করেছেন। তাঁর রাজনৈতিক মতামতের জন্যে তো তাঁর পূর্বের লেখাগুলো নস্যাৎ হয় না। ‘রন্ধনশালা‘ বইটা এখনও প্রকৃত সমালোচকের অপেক্ষায় পড়ে আছে। আরেকটা নতুন ক্ষুদ্রতা এবার কলকাতায় গিয়ে নজরে এলো। এলাকাভিত্তিক এসট্যাবলিশমেন্ট। উত্তরবঙ্গের লেখকের প্রতি উত্তরবঙ্গের লেখকের সহানুভূতি দয়াদাক্ষিণ্য, সে তার মতাদশ ইত্যাদি যেমনই হোক না কেন। সেরকম মেদিনীপুর-প্রসূতদের, বাঁকড়োদের। জানি না ঘুঘুমারিতে বসে তুমি এটা টের পেয়েছ কি না। আমি এককালে কলকাতায় জুতো-লাথি খেয়েছি অনেক, তাই যেন সহজে অনেককিছু বুঝে ফেলি। তুমি শুনেছ কি না জানি না, ক্ষুধিত প্রজন্ম ষড়যন্ত্র মামলায় আমাকে আর আমার দাদাকে একটা বিশেষ ইনটারোগেটিং বোর্ড জিজ্ঞাসাবাদ করেছিলেন, একাধিক টেপরেকর্ডারে তা রেকর্ড করা হয়েছিল, হোম মিনিস্ট্রিতে পাঠানো হয়েছিল। দীপক মজুমদার একটা স্বাক্ষর সংগ্রহের চেষ্টা করেছিলেন, তাও ভেস্তে দিয়েছিলেন হোমরা লেখক আর চোমড়া সাংবাদিকরা। দীপকের কাছ থেকে তুমি অনেক অজানা তথ্য পাবে। হাংরি আন্দোলন সম্পর্কে আগাগোড়া জানতে হলে সংশ্লিষ্ট সবায়ের সঙ্গে তোমায় যোগাযোগ করতে হবে, নয়তো কেবল একটা ডায়মেনশনই পাবে তুমি।

অরুণেশ: ক্ষুধার্ত লেখালিখি থেকে সরে গিয়ে, আপনি আপনার ক্যারিয়ার তৈরি করেছেন, বড় অফিসার হয়েছেন, সমাজের উঁচু সারিতে নিজেকে প্রতিষ্ঠা করে আবার ফিরে এসেছেন সাহিত্যের জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে—- এই অভিযোগ কী ভাবে খণ্ডন করবেন ?

মলয়: না, এই অভিযোগ খন্ডন করতে চাই না, কারণ আমি জানি, আমি একজন লুমপেন বুর্জোয়া,  আরামপ্রিয়, জোয়ার-বাজরার রুটি খেয়ে হজম করতে পারি না, চম্বল এলাকার ডালতরকারি প্রচণ্ড ঝাল লাগে, স্কচ খেতে ভাল্লাগে, ইত্যাদি। তুমি যে বলছ ক্ষুধার্ত লেখালিখি থেকে, তা কিন্তু ঠিক নয়, বলা দরকার লেখা থেকেই একেবারে। তবে, লেখালিখি বজায় রাখলেও যে চাকরি করছি তা-ই করতুম, কেননা বি এ-এম এ তো ভালো চাকরি পাবার মতনই করেই পাস করেছিলুম, নয়ত স্কুল মাস্টারি করতে হত একথা বলতে পার। লন্ডন স্কুল অব ইকনমিক্সে ভর্তি হবার মুহূর্তে ক্ষুধিত প্রজন্ম আন্দোলনের আরম্ভ ঘটে। আই এ এস এর  চেষ্টা করার কথা মনে আসেনি তাই। কয়ারিয়ারের জন্যে সুতরাং চেষ্টা করতে হয়নি। বরং খ্যাতির যেখানটায় পোঁছেছিলুম, লেখা বজায় রাখলে সেখান থেকে চাকরির সুবিধা হত। মাইনে কড়ি ভালো পাই এখন। অফিসারিও করি। মানে, যে সব সর্বহারার প্রতিনিধিরা অজস্র টাকা মাইনে পেয়ে কাজ করতে চান না, তাঁদের দিয়ে কাজ করাই। গ্রামে-গ্রামে কৃষকদের কাছে যেতে হয় যখন-তখন, কখনও বুন্দেলখন্ড, কখনও নইনিতাল। এ সি ফার্স্ট ক্লাস থেকে গুমনাম স্টেশনে নেমে দেখি ছোঁচাবার জল নেই; কননৌজের দিগন্ত পর্যন্ত বিস্তৃত গোলাপের চাষ। সমাজের উঁচু সারি বলতে কী বোঝায় তুমি একেবারেই জান না। ওই সারিতে কালীপুজোয় লক্ষ টাকার বাজি পোড়ে, দোলের দিনেরাতে বোমবেটে মাগিরা সোনার বিস্কুট কুড়োয়। সততা নিয়ে সেখানে যাওয়া যায় না। অভিজ্ঞতার অভিনব আগার গড়ে উঠেছে মেধায়। আমি রজনীশ, মহেশ যোগী, রামকৃষ্ণ মঠ এসব করেও দেখেছি। হিপি-হিপিনীদের সঙ্গে জীবন কাটিয়েছি। চূড়ান্ত নেশা করেছি হরেকরকম। জোয়ারের ভরাযৌবন নদী যেমন চরিত্রহীন করে তোলে চাঁদকে, এবং জ্যোৎস্নারসে আপ্লুত চরাচরের জলশরীরও। অধঃপতনের মুখে উদ্দাম আনন্দোচ্ছাস। তুমি বলছ সাহিত্যে প্রতিষ্ঠিত হবার কথা। আমি যে ধরণের গদ্য লেখা আরম্ভ করেছি তা প্রতিষ্ঠা দিতে পারবে বলে মনে হয় তোমার ? এখানে ? কলকাতায় ? আরে এখানে তো জয়েস প্রুস্ত পাউন্ড র‌্যাঁবো হুইটম্যানের পর্যন্ত চামড়া তুলে ফেলত ধুতিপরা বাবুরা। একজন তো অলরেডি হুঁশিয়ার করেছেন, যে, বন্দুক সাফ করা আরম্ভ হয়ে গেছে, সাবধান। হাংরি আন্দোলনের প্রতি তোমার দুর্বলতা বা আকর্ষণেই হয়ত, কিংবা আন্দোলনের উদ্ভাবনার কথা ভেবেছিলুম বলে, তুমি মনে করছ বুঝি দেড় দশক পরে এসেও হাই তুলতে-তুলতে প্রতিষ্ঠিত হয়ে যাব, সুনীল গঙ্গোপাধ্যায় যখন ‘দেশ’ পত্রিকার দণ্ডপাণি; সুবো আচার্য আর দেবী রায়-এর পদ্য ছেপেইছেন, শৈলেশ্বর ঘোষকে জাবগা দিয়েছেন সংকলনে, আমারও দু-দশটা লেখা ছেপে যাবে। কিংবা বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট একযোগে দাঁড়িয়ে উঠে বলবে, ওয়েলকাম হোম’ ! নাকি ? সুবিমল মিশ্রের দিকে তাকিয়ে দ্যাখো, গোণাগুনতি পাঠক পাওয়াও সমস্যা। পাঠক এতটা কোরাপ্ট হয়ে গেছে যে সৃজনশীল বাংলা লেখার প্রতি সে আস্হা হারিয়ে ফেলেছে। সোনাগাছিতে বলশয় ব্যালের ব্যবস্হা হয় না। এখানে ল্যাঙাকুকুরে-ভরা বিভূঁই গ্রাম-স্টেশনের নির্জনতা। নকশাল কিশোরের নিভে-যাওয়া চিতা থেকে বুলেট কুড়িয়ে তার মা আঁচলে বেঁধে রাখেন। নাচের ঘাঘরার মতন ফুলে ওঠে ছুঁড়ে-দেয়া খ্যাপলাজাল। প্রতিটি প্রসবে শূকরযুবতী প্রমাণ করে তার হারাম-গরিষ্ঠতা। প্রতিষ্ঠার জন্যে হরতনের টেক্কায় তৈরি হতে থাকে চতুর্দিকের ছিদাম মুখশ্রী।

( এই সাক্ষাৎকার প্রকাশিত হবার পর অরুণেশ ঘোষ নিজেও প্রতিষ্ঠানবিরোধিতা জলাঞ্জলি দিয়ে ‘দেশ’ পত্রিকায় লিখেছেন। পরে দে বুকস থেকে হাংরি সংকলন প্রকাশিত হলে রাজসাক্ষী শৈলেশ্বর ঘোষ ও সুভাষ ঘোষে ও বহু অখ্যাত লেখকের সঙ্গে তাতে অন্তর্ভূক্ত হতে কুন্ঠিত হননি। অনেকের মতে জীবনের শেষ দিকে তিনি পরাজিত বোধ করতে থাকেন এবং সেকারণে জলে নেমে আত্মহত্যা করেছিলেন । )

হাংরি জেনারেশন : মলয় রায়চৌধুরীর ডিটেকটিভ উপন্যাস

বহতা অংশুমালী মুখোপাধ্যায়
মলয় রায়চৌধুরীর ডিটেকটিভ উপন্যাস : অলৌকিক প্রেম ও নৃশংস হত্যার রহস্যোপন্যাস 
উপন্যাস এর নামটা আমাকে বুঝতেই দেয় নি ভিতরের খনিজের উপস্থিতি । প্রচ্ছদে  যুবতীর ছবি দেখে মনে হয় কোনো রগরগে রবিবাসরীয়ের সামনে দাঁড়িয়ে পড়েছি। বুঝি নি এই অতি সংক্ষিপ্ত উপন্যাসের প্রতিটি লাইন এক বিরল জীবনদর্শনের মুখোমুখি করে দেবে আমাকে । এক অন্যধরণের সত্যানুসন্ধান , সাধারণ খুনের মামলার প্রেক্ষাপটে যা এক যুবক যুবতীর উৎকেন্দ্রিক আরণ্যক ভালোবাসা থেকে শুরু হয়ে শেষ হয় পশ্চিমবঙ্গের গ্রামে।  তেলেগুতে এনক্রিপ্টেড, বাংলায় লেখা , সিডিতে সংরক্ষিত ডায়রিলেখনে বন্দী হয়ে থাকে সেই জীবনকাহিনী । আর কংকাল প্রেমিক এর জীবন ও মৃত্যু রহস্য উন্মোচিত হয় নোংরা পরীর হাতে।  
নোংরা পরী , ববিটাইজিং ভীতির কার্যকারিতা আর সারল্যের সংজ্ঞা   
নোংরা পরী   বেরিয়ে এসেছে Edith Wharton এর বর্ণিত The Age of Innocence এর পর্দা কেটে । ইন্সপেক্টর রিমা খান অপরাধীর  চোখের গতির ভিত্তিতে ক্রিমিনাল ঠ্যাঙায় । যে ক্রিমিনালরা জেরা করার সময়ে পায়ের দিকে তাকিয়ে থাকে তাদের দু-ডিগ্রি , যারা মুখের দিকে তাকিয়ে থাকে তাদের থার্ড ডিগ্রি  । বুকের দিকে তাকিয়ে থাকারা নাকি তুলনামূলক ভাবে স্বাভাবিক, রিমা খানের ভাষায় তারা প্রকৃতির মাদার-সান-ইন্সটিংক্ট মেনে চলে। তাদের ঠেঙিয়ে কথা আদায় করে না , সাবইন্সপেক্টারের ওপর ছেড়ে দেয় । 
রিমা খানকে উপন্যাসের  পুরুষতান্ত্রিক সমাজ নাম দিয়েছে "নোংরা পরি" । নোংরা- কারণ সে সিমেন-দি-বভার  সেকেণ্ড-সেক্স হতে রাজী নয়। সে আদ্যোপান্ত পুলিশ , প্রফেশনাল সমস্ত অর্থে , এমনকি ছুটকো ঘুষ নেবার ক্ষেত্রেও । সে দুর্দান্ত , দুঁদে । তার ভয়ে তার অঞ্চলের ক্রিমিনালরা লোক্যালিটি বদলে ফেলে । 
 বেটি ফ্রিড্যান যে ফেমিনিন-মিস্টিক কে চ্যালেঞ্জ জানিয়েছেন তা এখনো আজকের সমাজেও পৃথিবী জুড়ে বর্তমান । এই  নারীত্বের রহস্য শতকের পর শতক কখনো চীনে মেয়েদের পা জুতোয় ঢুকিয়ে ছোটো করতে বাধ্য করে , আফ্রিকার উপজাতির মেয়েদের মরাল গ্রীবাকে দীর্ঘায়িত করতে ধাতব বালায় বালায় বরবাদ করে দেয় ঘাড়ের মাথাকে ধরে রাখার কার্যকারীতাটুকু।  এই নারীত্বের সন্ধানে ইউরোপের শিক্ষিতা মহিলা প্রেমপত্রে বানান ভুল করে, পদার্থবিদ্যার ডিগ্রি না নিয়ে পড়তে চায় সুললিত আর্টস। 
রিমা খানের মধ্যে সেই সারল্যটুকু নেই , সভ্যতা যে সারল্য শেখায় মেয়েদের,  কাঁচের-পাথরবাটির মতো । যে শিক্ষিত সারল্যে মেয়েরা দুই বাচ্চার মা হয়ে গিয়েও সেক্সটকের অধিকার পায় না, বলে "ইস ছি ছি ছি",  আজকের জমানাতেও । রিমা খান বিন্দাস গালিগালাজ করে। রিমা আবিষ্কার করে ফেলেছে যে ববিটাইজ করার ভয় দেখালে আবালবৃদ্ধ-ক্রিমিনাল খুব আকুল হয়ে পড়ে । তাতে অরগ্যাজম হয় রিমা খানের । এখন যে যুগ এ জিন্স এর সঙ্গে এক-হাত লাঠি-চুড়ি পরে মডার্ন ফেমিনিন ঘুরে বেড়ায় , স্ট্রিপটিজ দেখে আবার সন্তোষীমা-ও করে , সেখানে এই ডিলডো প্রেমী পুলিস অফিসারটি নোংরাও বটে পরীও বটে। তাকে কোথাও প্লেস করা যায় না, কোনো গ্রাফ এ ফেলা যায় না ! তার উলঙ্গ সত্ত্বায় কোনো কালো-দস্তানা-মোজা পরা লজ্জার ভেজাল ভঙ্গিমাও নেই । তাই সে মানুষী নয়। মানুষের ভোগ্যাও নয় হয়তো । বাঘিনী বাঘের জন্যে ভার্জিনিটি-টুকু বাঁচিয়ে রেখে ছিল । তা চারদিকে তো শুধুই ছাগল গবাদি পশু তার । তাই কুমারীত্ব ঘোচেনি কোনোদিন ।  এক ব্যতিক্রম কংকাল প্রেমিক । 
যে কংকাল সে শুধু প্রেমিক 
প্রেম কয়প্রকারের হয়ে থাকে ? বহু প্রকারের হয়ে থাকে প্রেম। মেয়ে মাকড়শার সামনে পুরুষ মাকড়শার সুইসাইডাল প্রেম, মক্ষীরাণীর সামনে খুদে মৌমাছি শ্রমিকের প্রেম , রেপিস্ট হাঁসের প্রতি হংসিনীর প্রেম, ডলফিনের হরণ বা অপহরণ মূলক প্রেম , সতী নারীর পতিপ্রেম , বড়োলোকের বেশ্যাপ্রেম এবং সমান্তরাল ভাবে সন্তানের মায়ের প্রতি প্রেম এমন অনেক রকমের । 
আমাদের কংকাল , যিনি কিনা ইন্সপেক্টর রিমা খানের আবার চাকরি ফিরে পাবার পাসপোর্ট, তিনি ছিলেন গণিতবিদ । এখানে মলয় রায়চৌধুরী বোধ হয় গণিতের অবতারণা করেছেন কুয়াসাহীন শুদ্ধচিন্তার প্রতীক হিসেবে।  নিরঞ্জন, ওরফে কঙ্কাল , বুঝে গিয়েছিলেন তিনি বহুগামী । তাই কোন মহিলাকে এবং নিজেকে সমস্যা না দিতে চেয়ে , বিয়ে টিয়ে না করে , শুদ্ধ গণিত ও শুদ্ধ যৌনতার চর্চা করেছেন প্রেমে পড়ার আগে অব্দি। মলয় রায়চৌধুরী দেখিয়েছেন তাঁর দুরকম প্রেম ।  
নিম্নগামী প্রেমটি  (মস্তিষ্ক থেকে শীষ্ণ হয়ে এসে হৃদয়ে যা ইকুইলিব্রিয়াম পেলো , মাসিকের আবর্তনে মাপলো সময় )  
একজন জীবন খুঁজতে পালিয়েছিল , অন্যজন গিয়েছিল শুধু পলায়নপরাকে দেখে । মায়া পাল  পুরোদস্তুর আধুনিক যুবতী , যিনি কুড়ুমুড়ে ইংরেজী বলতে বলতে অনায়াসে উচ্চপদের চাকরি পেতে পারেন , তিনি সুপুরুষ গণিতবিদের হাত ধরে  বললেন "চলুন পালাই" । আর কামুক বিশ্বামিত্র ও তাঁর সঙ্গিনী চললেন অরূপের সন্ধানে, অন্ধ্রপ্রদেশের ব্যারাইটস খনি অঞ্চলে । তাঁদের অতিপ্রাকৃত ও অতিপ্রাকৃতিক প্রেম সেই অরণ্যে যাপিত হয়। অতিপ্রাকৃতিক কারণ মলয় রায়চৌধুরী এখানে খুঁজতে চেয়েছেন প্রকৃতির সঙ্গে মিথোজীবী ভাবে যাপিত জীবনের দিকটি । বাছুরকে দুধ থেকে বঞ্চিত না করে, মুরগীর ছাল ছাড়িয়ে না নিয়ে, ভেড়ার লোম কেটে না নিয়ে বাঁচার পদ্ধতি । মায়ার এনভায়রনমেণ্টালিজম, জীবপ্রেম  ।    
মলয় রায়চৌধুরী এখানে মনে করিয়ে দেন আমাদের ভুলে যাওয়া নারী পুরুষের প্রেমের রূপটিও । এখানে এক মানুষীর গায়ের গন্ধটি প্রেমিক চেনেন । প্রেমিক প্রেমিকাকে  আলিঙ্গন করতে থাকেন মনের তাপে, আর রোজ আলিঙ্গন করতে করতে বুঝতে পারেন তাপের তারতম্য , ডিম্বাণুর আবির্ভাব। তাঁরা প্রেমটুকু চেয়েছিলেন , বীজটুকু নয়। তাই নিরোধ প্রক্রিয়া , অদ্ভুত আত্মনিয়ন্ত্রণ । মায়া নিরঞ্জনকে সেই প্রেম শেখান যাতে শরীর বড় হয়েও ওঠে না অযথা , ছোটও হয় না। যতটুকু আসে সহজে আসে। এই প্রথম নিরঞ্জন কোনো নারীর আলিঙ্গনে উত্তেজিত না হয়ে শান্ত হন। 
এখানে খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে দুজন মানুষের একে অন্যকে কেন্দ্র করে বেঁচে থাকার আনন্দ। এখানে নিরঞ্জন ঘড়ির অভাবে মায়ার মাসিক বা ঋতূস্রাব এর দিন গুলিকে গাছের গুঁড়িতে খোদাই করে রাখেন । আর হিসেব রাখেন দিন মাস বছরের । "Metaformic theorists also discuss how cultures, like the Romans and Gaelic used the same words for menstruation and the keeping of time, while the Mayan calendar was directly influenced by women's menstrual cycles."(উইকিপিডিয়া থেকে উদ্ধৃত)  উইকিপিডিয়া আর গুগল আমাদের বলে দেবে , মহাজাগতিক ক্যালেণ্ডারটি অনেক ক্ষেত্রেই কিভাবে প্রাচীন কালে নারীর শরীরের ঋতূচক্রের দিকে তাকিয়ে বানানো হয়েছিল । কখনো উনত্রিশ কখনো ত্রিশ দিনের বিরতিতে। 
এই প্রেমে এক মানুষী বলেন আমি সবটুকু দেব, আর পুরুষটি বলেন আমি সবটুকু নেব । আর ঋতূস্রাবের পরে প্রেমিক ধুইয়ে দেন পরম আদরে প্রেমিকার রসস্থল , আরণ্যক দিনে । 
ঊর্ধ্বগামী ভালোবাসা (সখীর জন্যে  বীজ শুয়ে আছে বরফে) 
শরীরের ভালোবাসাকে আমরা মাঝে মাঝেই একটু নিম্নমানের  বলি, পর্দা তুলে দিই । "রজকিনী প্রেম নিকষিত হেম, কামগন্ধ নাহি তায়" । যেন কামগন্ধ খারাপ বস্তু । যেন আমাদের সব্বার উৎস্য লজ্জার । এই ক্রিশ্চান ওরিজিন্যাল-সিন এর পাপবোধ যা আমাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছে , যে পাপবোধ থেকে আজ বহু মেয়ের অঙ্গ  কেটে দেওয়া হয় যাতে তারা "শয়তানি আনন্দ" উপভোগ না করে শুধু সন্তান প্রসবের যন্ত্র হিসেবে নিজেদের বহন করতে পারে, সেখানে মিলি একদমকা খোলা হাওয়া । মিলি কিশোর আনাড়ি নিরঞ্জন কে "ভালোবাসতে" শেখায় । তারা বিভিন্ন পদ্ধতিতে নিজেদের শরীর নিয়ে খেলে , জানতে পারে যান্ত্রিক ভঙ্গীতেই বিভিন্ন আনন্দের উৎস্যমুখ । সে তো সেতার বাজাবার আগে টুংটাং টুকু না করলেই নয়। 
মিলি ভালোবেসেছিল কংকালকে। নিরঞ্জন ভালোবাসেননি সেই অর্থে। তিনি তখন-ও পুরুষ নন। বৃন্দাবনবিলাসী কিশোর , যে পালিয়ে যাবে , পালিয়ে গেছে। কিন্তু মিলি বিয়ে করেন নি । আর নিরঞ্জনের সন্তান পাওয়ার জন্যে জোরাজুরিও করেছেন বহু বছর পরে দেখা হলে । 
নিরঞ্জন ভালোবেসেছেন মায়াকে । কিন্তু মিলির জন্যে মৃত্যুর আগে রেখে গেছিলেন শুক্র, ডাক্তারের কাছে । 
মিলি সন্তান চেয়েছিল, মায়া চায়নি । এখানে শিষ্ণ থেকে উঠে গেছে ভালোবাসা হার্ট এ । কি মন্ত্রে কে জানে। 
এক্ষেত্রে মলয় রায়চৌধুরীর একটি ইণ্টারভিউ মনে পড়ে গেল  Alexander Jorgensen কে দেওয়া। " Alex: If you could walk a mile in whatever circumstance,  where would you choose to do it ? 
Malay : I would go to the bank of river Ganges, at the place where I had kissed my Nepali classmate Bhuvanmohini Rana. My first and memorable kiss. I do not know where she is now. Must have become old or might have died ; she was two years older than me. I would sit at the same spot at the same time of autumn evening to revisit her tenderness." । আমার যেন মনে হয় ভুবনমোহিনী কোথাও মিলি , তার সমস্ত কোমলতা নিয়ে, যেখানে নিরঞ্জনের কৈশোর আটকে আছে। 
মায়ার সত্যি নিরঞ্জনের সত্যি , মায়ার জীবনদর্শন 
কাহিনীটি তো ডিটেকটিভকে নিয়ে। সত্যানুসন্ধান ! Akira Kurosawa র Rashomon যেমন দেখিয়ে দেয়, বিষয়গত তথ্য আর বিষয়ীগত সত্য এক নয় , প্রেমিক নিরঞ্জন ও প্রেমিকা মায়ার সত্যিও আলাদা। 
মায়া আধুনিক , কিন্তু পুনরাধুনিক। তিনি জানতে চেয়েছেন জীবনের যাপনগত সত্যটা । মানুষ ঠিক কোন আঙ্গিকে সভ্য , জীবহত্যার ঊর্ধ্বে উঠে প্রকৃতির সঙ্গে মিথোজীবীতার মাধ্যমে বাঁচা যায় কিনা, তাই দেখতে চেয়েছিলেন তিনি। তাই দুধের শিশুকে ছেড়ে, স্বামীর ও সমাজের দেওয়া অসহিষ্ণুতা ও অপমান থেকে পালিয়ে যেতে , তিনি "খপ করে" নিরঞ্জনএর হাত ধরে বলেছিলেন "চলুন পালাই " । 
“No, it is impossible; it is impossible to convey the life-sensation of any given epoch of one’s existence--that which makes its truth, its meaning--its subtle and penetrating essence. It is impossible. We live, as we dream--alone.” -- Joseph Conrad  এই জাতীয় উক্তি কে মেনে নিতে পারেননি ইংরাজির ছাত্রী মায়া পাল। নিরঞ্জন লিখেছেন , "সে আমাকে টমাস হবস, জোসেফ কনরাড, অ্যান্টনি বারজেস, উইলিয়াম গোলডিং আরো কারা কারা যেন, প্রতিটি নাম মনেও নেই এতদিন পর , এনাদের লেখালিখির কথা শোনাতো । তার জীবনের অতীতসূত্র কেবল এই সাহিত্যদর্শনকে ঘৃণা । তার অতীত সম্পর্কে আর বিশেষ কিছু জানি না, সে বলতে চায়নি ।  বলত ওনারা জীবনের ভুল ব্যাখ্যা করে গেছেন । ওনারা নাকি বলে গেছেন একজন মানুষের জীবন সংক্ষিপ্ত, সে একাকী, কেউ নেই তার, যত বৈভব থাক না কেন সে প্রকৃতপক্ষে দরিদ্র , পঙ্কিল, কদর্য, অশ্লীল, জঘন্য, স্হূল, পাশবিক, অশিষ্ট ও বর্বর । সে বলত, জীবনের এই আশাহীন দৃষ্টিকোণ অসত্য । " 
কিন্তু নিরঞ্জন এর সত্য আলাদা। তিনি মূলতঃ প্রেমিক । তিনি নিজেকে দেখেন এইভাবে -"মায়ার পাশে বসে একই ভাবনা ঘুরছিল আমার মগজে, যা বহুকাল থেকে বাসা বেঁধে আছে । তা এই যে, আমি একজন কুকুর । যে মালকিনির হাতে পড়েছি, সে যেরকম চেয়েছে, যেরকম গড়েছে, তা-ই হয়েছি : প্রেমের কুকুর, কাজের কুকুর, সেবার কুকুর, গুপ্তচর কুকুর, ধাঙড় কুকুর, কুরিয়ার কুকুর, প্রেডাটার কুকুর , পাহারাদার কুকুর, মানসিক থেরাপির কুকুর, অনধের কুকুর, শোনার কুকুর, শোঁকার কুকুর, চাটার কুকুর, রক্ষক কুকুর, গাড়িটানার কুকুর, আদরের কুকুর, এই কুকুর, ওই কুকুর ইত্যাদি । কিন্তু আমার লেজটা জন্মের সময়ে যেমন আকাশমুখো ছিল, আজও তেমনই আছে । থাকবে । এখন টাইপ করতে বসেও জানি, লেজটা অমনই রয়েছে ।" এই আকাশমুখী লেজ এই গণিতবিদের জীবনচেতনা ।
নিরঞ্জনের জীবনচেতনার অন্য একটি দিক দেখা যায় , তাঁর চেতনায় "পবিত্র" শব্দটির অভিঘাতে । নিরঞ্জন লিখছেন - "আমার দিকে না তাকিয়েই মায়া বলেছিল, আমরা সারা জীবন নিজেদের সম্পর্ক আপনি-আজ্ঞের পবিত্র গভীরতায় রাখব । তুমি-তুমি ওগো-হ্যাঁগোর ছেঁদো নোংরা রুটিনে বাঁধা পড়ব না। বলেছিলুম, পবিত্র ? এই ধরণের অস্পষ্ট শব্দ ব্যবহার করবেন না প্লিজ ।  " 
নিরঞ্জন এক জমির মতন পড়ে থাকেন সমস্ত জীবন । নানান মেয়ে , মহিলা তাঁর উপর দিয়ে বয়ে যান , তাঁকে উর্বর করেন , তাঁকে ভেঙ্গে দেন । তাঁর ল্যাণ্ডস্কেপ পালটে দেন। এভাবেই মানবজমিনের চাষ করে গেছেন নিরঞ্জন । শেষ দিন অবধি। তিনি কোনো মহিলা কে "ডিমিন"  করেন নি কখনো । দেহ ব্যবসায়িনীর "গিগলিং" টুকুকেও নয়। "পৃথিবী নামের ছোট্টো দ্বীপটায়, নারী ছাড়া আমি একা, নিঃসঙ্গ, অন্তরীণ । জীবনে নারী নেই ভাবলেই মনে হয় মরে যাবো, মরে যাচ্ছি, মরে গেছি ; ফাঁকা, ফোঁপরা, খালি । জানতেই পারতুম না আহ্লাদ কি, আঘাত কি, বেদনা কি, হাহাকার কি । " - নিরঞ্জন এমনই ভাবেন, বলেন , বাঁচেন।  এই নারীসঙ্গ ইচ্ছা সামগ্রিক শারীরীক কাম নয় একেবারে। তিনি শেষ বয়সেও ‘শেষনীর’ সঙ্গ চান উত্থানরহিত অবস্থায় । যেমন "অ্যালিস ইন দ্য ওয়াণ্ডার ল্যাণ্ড" এর লেখক লুই ক্যারল এর স্নেহের ডাকে খোকারা সুবিধে করে উঠতে পারতো না। তিনি খুকিদের বলতেন গল্প শুনতে আসতে। আর বলতেন ভাইদের ঘরে রেখে এসো । যে তার যে সুরে বাজে, সে তার সেই সুরেই বাজে । অন্যথা পচে যায় , যেমন আমরা পচে যাই অহরহ ।  
সত্যানুসন্ধান কি? ভিলেন কারা কারা ? কাঠগড়ার এপারে ওপারে ।
ফেলুদা, ব্যোমকেশ ,  কাকাবাবু সন্তু এই সব্বার থেকে আলাদা নোংরা পরী , ডিটেকটিভ রিমা খান । ১) তিনি পুলিশ , সখের গোয়েন্দা নন ২) তিনি মহিলা, প্রথম , একমাত্র মহিলা সত্যানুসন্ধানী বাংলা উপন্যাসের ।  তিনি ক্ষমতাশালী, ইনফর্ম্যার কনস্টেবল ইত্যাদি প্রয়োগে সমর্থ । যদিও তিনি সাসপেণ্ডেড । ববিটাইজ-করার ভয় দেখাবার প্রক্রিয়ায় নোংরা । 
রাষ্ট্রই ভিলেন নম্বর ওয়ান 
এই উপন্যাসে,  প্রথম বাংলা উপন্যাসে আমরা দেখতে পেলাম অপরাধ জগতের ব্যক্তিনির্ভরতার ঊর্ধ্বে সিস্টেমটাকে । আমরা দেখতে পেলাম রাষ্ট্র কোথায় অপরাধী । কিভাবে তুরুপ উপজাতির মানুষদের উৎখাত করে ফেলে খনি-মাফিয়া খনির লোভে । কিভাবে ক্যাপিটালিজম এর , ব্যবসায়িক উদারনীতির , শিকার হয় অরণ্যের মানুষ । যাদের  রাষ্ট্র কিচ্ছু দেয় না, যাদের "সমাজ" ব্যবস্থা , নীতি ব্যবস্থাকে রাষ্ট্র স্বীকারই করে না , যাদের ভোটাধিকার নেই, পৌরসুবিধা নেই , তাদের কিভাবে অনায়াসে একটি মাত্র পুলিশ চৌকির অন্তর্গত করে ফেলে রাষ্ট্র। মায়া ও নিরঞ্জন যখন তুরুপ গোষ্ঠীর বাচ্চাদের শিক্ষিত করতে থাকেন , কিভাবে সেই মানবিক প্রচেষ্টাকে পুলিশ অবলীলায় বলে "উপজাতিদের পড়াশুনা শিখিয়ে তোমরা যে এই অঞ্চলের ভারসাম্য নষ্ট করছিলে সে সংবাদ আছে আমাদের কাছে ।" এই ভারসাম্য ফেরত আসে , যখন সমস্ত আদিবাসী অরণ্য ছাড়া হয়ে খনি শ্রমিকে পরিণত হয়। কনজিউমার সোসাইটির প্রয়োজন তো সত্যই , কিন্তু আরণ্যক উপজাতির সত্যটুকুর কোনো দাম থাকে না রাষ্ট্রের চোখে । সবুজ নষ্ট হয়ে যায় । মাটিতে বড় বড় হাঁ করা গর্ত তৈরি হয়। কারণ খুঁড়েছে মাফিয়া, কোন বিবেকবান রাষ্ট্র নয় । 
মায়ার "আচ্ছা চলি"র পিছনে রাষ্ট্র নামক ভিলেনের কি অবদান তা বোঝার জন্যে পড়ে দেখুন উপন্যাসটা 
ভিলেন নম্বর দুই 
বলব না। তাহলে আর কী পড়ে দেখবেন । কিন্তু রিমা বুঝতে পেরেছিলেন ভিলেন কে। কংকাল প্রেমিকের ঘাতক কে । আর সেই ভিলেন কে বানিয়েছিল  মধ্যবিত্ত সমাজের হাশহাশ নীতি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা । যারা ভালবাসা দেখতে পায় না। ভালবাসার অভাব দেখতে পায় না । পবিত্র বিবাহগ্রন্থির নীচে চেপে রাখতে চায় সব রকম অতৃপ্তির চিৎকার । আর গ্রন্থিমুক্ত হতে চাইলে আঘাত করে সেই মানুষটিকে সুপরিকল্পিত ভাবে। 
ভিলেনের স্মৃতিসৌধ 
মায়ার "আচ্ছা চলির" পরে , মায়ালিঙ্গার পুলিশের হাতে অত্যাচারিত হবার পরে , তুরুপ প্রজাতির জঙ্গুলে মানুষই পুলিশের হাত থেকে বাঁচিয়ে আনে নিরঞ্জনকে। মায়া ছিলেন তাদের জন্য শিক্ষিকা , মাতৃরূপিণী , জীবন্ত দেবী , আম্মা। আর মায়াগারু সেই দেবীর জীবনের অঙ্গ । তুরুপ গোষ্ঠীর এই মানুষদের সমাজচেতনা আলাদা। তারা মায়া-নিরঞ্জনকে গ্রহণ করেছিল খুব সহজ ভাবে , বর্তমানে নির্ভর করে, তাদের অতীত না খুঁড়ে। তাঁদের চলে যাওয়ার পরে তারা কুঁড়ে  ঘরটাকে মন্দিরের সম্মান দেয় । কোন বিগ্রহহীন মন্দির। কিন্তু মায়ার আকস্মিক প্রস্থানের জন্য দায়ী ক্ষমতা গোষ্ঠী , কুঁড়েটাকে ধর্মের দোকান বানিয়ে ফেলে অচিরেই । বহু পরে রিমা খান অকুস্থলে গিয়ে দেখতে পান, এক অদ্ভুত মূর্তি সহকারে মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে । সেখানে মায়া পাল-এর ভাবমূর্তি বেচে পুরুষতান্ত্রিক সমাজে খনি-মাফিয়ার দল বেশ দু পয়সা আয়ও করে নিচ্ছে ।  
এভাবেই আমাদের দেশে সতী প্রথা থেকে শুরু করে অনার-কিলিং অব্দি বিভিন্ন ভাবে একটি মেয়ের সত্ত্বা ও অস্তিত্ব গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর তাকে "ধার্মিক" প্রমাণ ক'রে , দেবী প্রমাণ ক'রে, তার ব্যক্তিসত্তা ছিনিয়ে নিয়ে সমাজ তাকে অন্তর্ভুক্ত করে নেয় নিজের মধ্যে । 
যৌনতার অর্ধেক আকাশ ,যান্ত্রিক ও মানবিক অরগ্যাজম , অশ্লীল মলয় রায়চৌধুরী 
মায়া
মলয় রায়চৌধুরী সেই অর্থে অশ্লীল যে অর্থে ডি এইচ লরেন্স বা গ্যাব্রিয়েল গারসিয়া মারকেজ অশ্লীল ছিলেন । যখন 'লেডি চ্যাটার্লিস লাভার্স-এ কনির মনে হয় নারীকে তার নারীত্ব থেকে ছিনিয়ে নিচ্ছে আজকের পুরুষ আর সমাজ , বহু বায়বীয় কথার মধ্যে দিয়ে তার শরীরী রহস্য আর দেহোত্তীর্ণতা দুটোকেই নষ্ট  করছে, তখন কংকাল প্রেমিক পরম যত্নে ধুইয়ে দেন প্রেমিকার অঙ্গ প্রেমিকার অনুজ্ঞায় , ঋতূস্রাবের পর । এই স্পর্শ আমাদের পরিচিত যৌনতার থেকে অনেক ঊর্ধ্বে । এখানে ভালোবাসা যে-কোনো ইজমকে অতিক্রম করেছে। লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করেছেন কৃষ্ণ এখানে , শুধু রাধা বা গোপিনীর দল নয় । এই ভালোবাসায় নিরঞ্জন নিষিক্ত হতে থাকেন মায়ার সঙ্গে , সভ্যতা-ছেঁকে পাওয়া সভ্যতায় ।   
মিলি
মেয়েদের যৌনতাকে সমাজ সাধারণতঃ অশ্লীল মনে করে। এই উপন্যাস-এ লেখক সেই ঢেকে যাওয়া অর্ধেক আকাশকে টেনে নিয়ে এসেছেন অনেকখানি । নিরঞ্জনের কৈশোরে মিলি , তাদের খেলাধূলোয় কেবল কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা দেখায় না। সে আগে  নিজে তৃপ্ত হয়ে নেয় নিরঞ্জনের মাধ্যমে । তারপর নিরঞ্জনকে নিয়ে যায় শিখরে । এই দেয়া নেয়ার সহজ হিসেবটুকু এই টেণ্ডারনেসের সঙ্গে আমি সচরাচর পাই নি কোন বাংলা উপন্যাসে । এই প্রসঙ্গের অবতারণা যখনই হয়েছে, কিছু বিকৃতির সঙ্গে করা হয়েছে ।                             আবার লরেন্সের থেকে ভাবটি উদ্ধৃত করতে ইচ্ছে করে- স্পর্শ ছাড়া কিই বা টিকে থাকে , শেষ পর্যন্ত দেহে মনে অস্তিত্বের শিকড়ে ? যদি স্পর্শ তেমন স্পর্শ হয় ।    
রিমা খান 
 RACHEL P. MAINES এর "The Technology of Orgasm "Hysteria," the Vibrator, and Women's Sexual Satisfaction" রচনা যেটি   Johns Hopkins University Press থেকে প্রকাশিত হয়েছিল, তার প্রথম পরিচ্ছেদের নাম হলো " THE JOB NOBODY WANTED " যে-কাজটি-কেউ-চায়নি । শতকের পর শতক মেয়েরা তাদের যৌন চেতনাকে ঢেকে রেখেছে , সেবামূলক ও প্রদান-ভিত্তিক মিলনের আড়ালে। তাই তার চেপে রাখা "হিস্টিরিয়া" টুকুকে কখনোই অনুরণনে পরিণত হতে দেয় নি পিতৃতান্ত্রিক সমাজ । সেটা শুধু চিকিৎসা-সাপেক্ষ গোঙ্গানি হয়ে থেকে গেছে। তাই রিমা খান যখন ডিলডো ব্যবহার করে খুশী হয়,  তৃপ্ত হয় , ফুরফুরে হয় , আমি তখন আবার উদ্ধৃত করি " When the vibrator reemerged during the 1960s, it was no longer a medical instrument; it had been democratized to consumers to such an extent that by the seventies it was openly marketed as a sex aid. Its efficacy in producing orgasm in women became an explicit selling point in the consumer market. The women's movement completed what had begun with the introduction of the electromechanical vibrator into the home: it put into the hands of women themselves the job nobody else wanted. " RACHEL P. MAINES এর  রচনা থেকে । 
আমি এই "অশ্লীল" , নারীবাদী , মানবতাবাদী লেখককে শ্রদ্ধা জ্ঞাপন করি। 
উপন্যাসের ফর্ম , Anachronism , সাহিত্যের  ডিটেকটিভদের টাইম ট্রাভেল , রাজনৈতিক গণহত্যা ও ডিটেকটিভ বিলাসিতা 
টাইম ট্রাভেল ও ডিটেকটিভ দের চোখে সামাজিক অবক্ষয় 
 এই উপন্যাসে বেশ কটি মজার পয়েণ্ট রয়েছে । Anachronism বা সময়ের হেরফের  ব্যবহার করে দিল্লিতে আন্তর্জাতিক ডিটেকটিভ কনফারেন্সে মলয় রায়চৌধুরী আবির্ভূত করেছেন দেশ বিদেশের বহু সত্যান্বেষীকে , সাহিত্যের পাতা থেকে উঠিয়ে তাদের জীবন্ত করে তুলে, তাদের দৃষ্টিকোণ থেকে দেখাতে চেয়েছেন আজকের সমাজে ডিটেকটিভদের অপ্রাসঙ্গিকতাটুকু ।
দিল্লিতে আন্তর্জাতিক ডিটেকটিভ কনফারেন্সে "প্রায়ভেট ডিটেকটিভ এসেছিলেন চেন কাও , ডেভিড স্মল, নিও উল্ফ, ভি আই ওয়ারশসস্কি, শন স্পেনসার, স্যাম স্পেড, শার্লক হোমস, কিনসে মিলোনে, এরকিউল পয়েরো, লিউ আর্চার, পল আর্টিজান, লিন্ডসে গর্ডন, জো ক্যানোলি, রেক্স কার্ভার, এলভিস কোল, হ্যারি ড্রেসডেন, ড্যান ফরচুন, ডার্ক জেন্টলি, এলেনি কুইন, এমারসন কড, কেট ব্যানিংগান, ক্লিফ হার্ডি, মাইক হ্যামার, টমাস ম্যাগনাম, ভেরেনিকা মার্স, ফিলিপ মারলো, জিম রকফোর্ড, জন শাফ্ট আর ম্যাথিউ শাডার ।" দেবেন্দ্রবিজয় , অরিন্দম , বাংলাদেশের কিশোর পাশা, মাসুদ রাণা আর মুসা আমন; আমাদের হুকাকাশি, কল্কেকাশি, নিশীথ রায়, ইন্দ্রনাথ রুদ্র, জয়ন্ত-মাণিক-সিন্দরবাবু জুটি , গুপি-পানু-ছোটোমামা জুটি, গোন্ডালু, কিকিরা, পাণ্ডব গোয়েন্দা, ট্যাঁপা-মদনা জুটি, গোগোল   এরাও সবাই দেখা দিয়েছেন কনফারেন্সে । 
এঁরা সব্বাই একবাক্যে বলেছেন, যেখানে দেশের কোটি কোটি টাকা বিদেশে পচছে , রাজনৈতিক ফুসলানিতে তৈরী দাঙ্গায় মারা যাচ্ছে হাজার হাজার মানুষ , সেখানে খুচরো দু একটা খুনের কিনারা করতে গোয়েন্দা পোষা , বিলাসিতা মাত্র, সরকারের ধুলো দেয়া জনতার চোখে । এইভাবে সাহিত্যের গোয়েন্দাদের মাধ্যমে  সাহিত্যের সমালোচনা অভিনব ও বেনজির ।
সংক্ষিপ্ত উপন্যাস এর সুবিশাল গণ্ডী 
এই উপন্যাসটি অত্যন্ত চটি , টানটান । এটি সম্ভব হয়েছে একটি বিশেষ ফর্মের কারণে । সেটা হলো , ফ্ল্যাশব্যাক বা ডায়রি-লিখনের মাধ্যমে উপন্যাস এর বেশীরভাগ অংশ বর্ণিত হয়েছে। কঙ্কাল প্রেমিকের অতীত , রিমাখানের বর্তমান, এই দুই এর মধ্যে ঘুরেছে সমস্ত ঘটনা । অতি স্বল্প পরিসরে ভালোবাসা, সামাজিক সমস্যা , রাজনৈতিক কূটকচালি আর একটা লোমহর্ষক গোয়েন্দাকাহিনী এক সাথে বর্ণিত হয়েছে । লেখকের "অরূপ তোমার এঁটোকাটা " উপন্যাসেও ডায়রি লিখনের মাধ্যমে খুব স্বল্প পরিসরে অনেকটা ক্ষেত্র দেখানো গিয়েছিল । এই পদ্ধতিটি বেশ অভিনব বাংলা সাহিত্যে , যদিও কিছু কিছু এমন নজির আছে (যেমন "স্ত্রীর পত্র" শুধু পত্র লিখনের মাধ্যমে জীবনের সত্যিটুকু তুলে ধরতে পেরেছিল )। 
পুলিশের গোয়েন্দাগিরির পদ্ধতিটাও খুব ভালো ভাবে ধরা পড়েছে এখানে, যে পদ্ধতি শখের বা প্রাইভেট গোয়েন্দার পদ্ধতির চেয়ে অনেক আলাদা।  ইনফরম্যার-এর ব্যবহার, ছিঁচকে অপরাধীকে ভয় দেখিয়ে ছোটখাটো কাজ করিয়ে নেওয়া , ফরেনসিক অ্যানথ্রপলজিস্ট এর মতামত নিয়ে আইনতঃ প্রমাণ সাজানো , দরকার পড়লে অনিচ্ছুক লোকের বাড়ির ফোনের তার কেটে টেলিফোন কোম্পানির লোক সেজে ঢুকে পড়ার ফিকির ইত্যাদি অনেক রকম উপায় সম্পর্কে আমরা অবহিত হই ।
আবার কোন একটি কেস হঠাত করে পুলিশের কাছে দরকারি হয়ে পড়ে কেন, জমির বা রিয়াল এস্টেটের মাফিয়া কেন চায় যে একটা কোন সম্পত্তি দুর্নাম মুক্ত হোক, তা সে সত্যি বার করেই হোক বা বিশ্বাসযোগ্য সত্যি ক'রে , এই নানান জটিলতা ধরা থাকে এই উপন্যাসে ।
মলয় রায়চৌধুরী  নিজেই এই উপন্যাসের  একটি চরিত্র হয়ে শেষ দৃশ্যে উদয় হন ; কাহিনির সত্যতাকে পাঠকচেতনায় সংশয়ে রাখার প্রয়াসে । আর উপন্যাসের শেষে , অন্ততঃ একজন অপরাধীর উত্তরণ দেখা যায় মানুষ হিসেবে। 
শেষকথা 
সবটুকু মিলিয়ে বলা যায় যে এরকম প্রেমের উপন্যাস , যা কিনা অনেকগুলি বহুমুখী সত্যের ভিত্তিতে তৈরি করা বহুভূজের মধ্যে আমাদের এক অন্যরকম জীবনচেতনার মুখোমুখি করে দেয়, খুব বেশী লেখা হয় নি বাংলা ভাষায় । বিষয় বৈচিত্র ও সাহসী মনোজ্ঞ বর্ণনায় এই উপন্যাসটি বড্ড আলাদা,  উৎকেন্দ্রিক , ঠিক এর লেখকের মতোই । পড়ে দেখতে পারেন সময় করে । মনের জটগুলো খুলে যাবে (অন্ততঃ আমার তো গেছে ) , আলো আসবে মনে। 







Monday, December 2, 2019

আভাঁ গার্দ আন্দোলন - হাংরি আন্দোলন : অজিত রায়

আভাঁগার্দ আন্দোলন - হাংরি আন্দোলন : অজিত রায়

কলকাতা-কেন্দ্রিক ন্যাকাচিত্তির সাহিত্যের এঁদো কপচাবাজি এবং তার ভেক্টর প্রতিষ্ঠানের মুখে জোর থাপ্পড় মেরে তার গিল্টি-করা দাঁত উখড়ে তার ভেতরকার মালকড়ি ফাঁস করে দিতে আজ থেকে তিপ্পান্ন বছর আগে দানা বেঁধেছিল বাংলা সাহিত্যের প্রথম আভাঁগার্দ আন্দোলন ----- হাংরি জেনারেশন। যা ছিল আক্ষরিক অর্থেই কলকাতার বাইরের কবি-লেখকদের নয়াল সংযোজন। তাঁরা এসেছিলেন এমন এক মিলিউ থেকে যেখানে বাংলার তথাকথিত ভদ্রায়তনিক সংস্কৃতির কোনও শিস-ই গজাবার নয়। জীবনের অনেকরকম শিক্ষা থেকে বঞ্চিত থাকতে হয় যেখানে। হাংরি সাহিত্যের কলিন অধ্যয়নে এই প্রেক্ষাপটটি সর্বাগ্রে মাথায় রাখতে হবে। এই হাঙ্গামার প্রধান স্রষ্টা মলয় রায়চৌধুরীর শৈশব অতিবাহিত হয়েছিল বিহারের ভয়ঙ্কর কুচেল অধ্যুষিত বাখরগঞ্জ বস্তিতে। তাঁর টায়ার ছোটবেলা অতিক্রান্ত মুসলিম অধ্যাসিত দরিয়াপুর মহল্লায়। সেই অস্বাচ্ছন্দ্য, অখল জ্বালা, ক্ষোভ আর বিদ্রোহকে বুকে করে মলয়ের বেড়ে ওঠা। সংস্কৃতির একেবারে নিচেকার পাদানি থেকে আসা, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে ওঠার প্রতিটি মানুষী শঠতার সাক্ষী, স্পেঙলারের সংস্কৃতি ও অবক্ষয়কালীন সর্বগ্রাস তত্ত্বে তা-খাওয়া একজন বাইশ-তেইশ বছরের কৃষ্টিদোগলা বা কালচারাল বাস্টার্ড লেখালেখির মাঠে এলে যা ঘটবে, সেটা তো রফা হয়েই ছিল।

১৯৫৯-৬০। বৃটিশবীর্যিত মুলুকের পোঁদে গাঁড়সা পুঁতে গাদি সামলাচ্ছেন নেহেরু। দেশের দুই প্রান্তে পার্টিশানের টসটসে পাঁচড়া। পুব পাকিস্তান থেকে আগত অন্যৎপুষ্ট মানুষের কিছু থোপনা তখনও আনলোড হচ্ছে শেয়ালদার টেসেলেটেড চাতালে। হাভাতে মানুষের কেরবালা বিধানবাবুর গড় জুড়ে ছিৎরে পড়ছে। দেশভাগের সময় পুব বাঙলা থেকে যে কিশোরগুলো বাবা-মায়ের কড়ে ধরে কলকাতায় এসেছিল, তারা এদণ্ডে গাগতরে বেতর, কিন্তু বয়সে ও মগজে সাজোয়ান। দেশভাগের খসা চোকলা। কাঁধের চিক্কুটে ঝোলায় কবিতার লাজুক খাতা আর কলা-ওঠা টিনের সুটকেশ ঢুয়ে কলকাতার রাস্তায় গলিঘুঁজিতে এক রাত্তির হিল্লের মনসুবায় চোখমুখ কালিয়ে ঘুরে বেড়ায় আর সাঁঝের আলা মদ্দিম হলে সারমেয় অধ্যাসিত ফুটপাতে, হয়ত-বা কোনও দয়াল বন্ধুর ঘাড়ে অথবা গেরস্ত বাড়ির হেঁসেল-ঠোরে রাত গুজরান। ইহাদের প্রত্যেকের বুকে কবিতা নামের পিলপিলে গণ্ডুপদটি ক্ষণে ক্ষণে ঢসন মারে। ইহারা সকলে প্রবল কবিতা-পিশাচ। পিশাচ, কেননা ইহাদের মাঘার ঘিলুতে জবরদস্ত পুঁজরক্ত যাহা গোপন আঁধারে কলম দিয়া চোয়ায় আর দেউলের দেউটি সহসা নিভায়।

ষাটোত্তর গরদিশের দিনগুলি। গেরস্তের জবরদখল-করা হেঁসেলে আচকা নোটিশ হয়ে গেল। ভাঙা আয়না, দাঁড় টুনানো চিরুনি, তেলের শিশি, জীর্ণ ফতুয়া, কলা-ওঠা টিনের সুটকেশ আর লজ্জাবতী কবিতার ধুকড়ি নিয়ে পথে দাঁড়াল সুভাষ। সুভাষ শলা করল, ----- শৈল, চ, দুজনে মিলে একটা ঘর নিই। টালায় ১৬-বি শ্যামচরণ মুখার্জি স্ট্রিটের একতলায় দুর্গন্ধ-পীড়িত ফালি-খানেক ঘর যোগাড়ও হয়ে গেল। খিড়কির পাল্লা সরালেই ড্রেনের ধারে পাছা ঝুলিয়ে নিত্যকর্মে ব্যস্ত কৃশগাঁড় বিভীষিকা।

সুভাষের গেরামের ইশকূলে কমপয়সার চাকরি। দু-বেলা যুৎসই অন্ন জোটে না বটে, কিন্তু গদ্যের হাতটি খাসা। তাহাতে ড্যাশ ও হাইফেনের যাচাই ভুরিভোজ। শৈলেশ্বরেরও মতিগতি উনিশবিশ। অল্প পড়াশোনা। ভাঙাচোরা ফ্যামিলির ছেলে। অশহুরে, তথা জন্মলব্ধ সারল্য ও সততা। ফলে মানিকজোড় হতে সূর্যঘড়ি লাগেনি। দুজনেই টিউশানি ধরে, আর ছাড়ে। হপ্তায় দু-দেড় দিন ভিজিট, আর চার-পাঁচদিন একুনে নাগা। ফলে আট থেকে দশদিনের মাথায় জবাব হয়ে যায়। খাওয়ার পয়সা নেই। বৃদ্ধ পিতা পঙ্গুত্বের লেংগি খেয়ে খাটের প্রাণী। ছাত্র-রাজনীতির গাজোয়ারি-প্রসূত 'লম্বা' হাঁকন বাবদ আত্মীয়-স্বজনদের সঙ্গে নীমসম্বন্ধ। ফলে, দিনগুলি বেজায় নড়বড়ে, জীবনযাত্রা ধূরিপথহীন। সাহিত্য করা তো দূর অস্ত, সাহিত্যের জিগির-মাত্রে পিছদাঁড়ায় কাঁপন। ডাইনির ছমছমে খিখি অষ্টপ্রহর। ক্কচিৎ পকেটে বাড়তি খুচরো জুটলে শ্যালদার চোরা-হোটেলে জলের সঙ্গে পাঞ্চ করে, ভরদুপুরে কান্ট্রি-লিকার। শ্যামবাজারের জন্তা হোটেলে ছ'আনায় ভরপেট খানা। লেটনাইটে ঘুমের ধাক্কায়, বাড়ি। একজনের ঘুম জুটত, অন্যজনের জুটত না। শৈলেশ্বরের ছিল ইনসোমনিয়ার ব্যামো। সারা-সারারাত মরা মাছের নিস্পন্দ চাউনি সিলিং-পানে।

সুভাষরা একসময় ক'জন বন্ধু মিলে 'এষণা' নামে একটা কাগজ বের করত। খুবই পাতি, অতীব বালখিল্য সে কাগজ। সুভাষ-বাদে অন্যরা সবাই মামুলি মাস্টারবেট-করা লেখক, মানে পার্ট-টাইম। অল্প খিঁচে নিল, ব্যস, সাহিত্যের বাঘ মারা হয়ে গেল। আপিসে-আপিসে কেরানিগিরি, আর রোববার সকালে পাঁচ পয়সায় আধ প্যাকেট ক্যাপস্টান কিনে শ্যামবাজার কফিহাউসে ধুন্ধুমার আড্ডা। কফির কাপ আর তামাকের কড়া ধোঁয়ায় বাঙালির বেড়ে বাফুনারি। শৈলেশ্বর-সুভাষরা ইন্টেলেকচুয়াল নয়, গেঁয়ো বুদ্ধি, গেঁয়ো কথাবার্তা। অপরপ্রান্তে, ধাউড়দের মুখে বিদিশি বই, ফরেন-কলমচিদের রেফারেন্স। ইনজিরির ছররা। দুজনের মধ্যে শৈলেশ্বরের বুদ্ধি একটু খোলা, মওকা বুঝে, সময় থাকতে কাগজটাকে নিজের হেফাজতে নিল। কাপ্তানি সুভাষের, কিন্তু কলকাঠি শৈলর হাতে। অবশ্য, চারটে মাত্র ইস্যুই হাপিস হয়েছিল 'এষণা'র।। হাংরি জেনারেশান সাহিত্যের ঐ ছিল গর্ভ-সূচনা। অচিরেই এষণার ছাদনায় এসে ভেঁড়ে প্রদীপ আর সুবো।

এবং আরও একজন। বছরটা ১৯৬৩।
ছেলেটির বয়স কুড়ি। রুজির যোগাড়ে গোড়ার দিকে থাকত কলকাতায়। টালা ব্রিজের কাছে খেলাত বাবু লেনে। বারোঘর এক উঠোনের একটি পোড়া বাড়িতে। সারাদিন রুজির খোঁজে, ফিরত রাত নিবিড়ে। পড়ে ন্যুনাধিক একটা হিল্লে হলে, অশোক নগরের উদ্বাস্তু কলোনিতে পাকাপোক্ত নোঙর। সেও ছিল দেশভাগের ঠাঁটা চোকলা। ডাঁসা বাঙাল। জিরজিরে শরীর। উপদ্রুত মন। চাঁচাড়ি-ঘেরা তার এক-কাটরা বাড়ি। ছেঁড়া শাড়ির গাঁঠরি। বাতায় ঠোঁসা সরষে তেলের শিশি। একটিপ তেল মেখে, শ্যালো টিপে দু-বালতি জলে স্নান সেরে ও গামছায় সর্বাঙ্গ মুছে, ভাঙা আয়নার সামনে ব্যাকব্রাশে টেরি চিরে দরমার দরজা ভেজিয়ে এক রোববার সে ঐ 'এষণা'র ঠেকে। লেট এন্ট্রি।
ছেলেটির নাম বাসুদেব দাশগুপ্ত।

হালিতেই সে ঝুলি থেকে বের করে এগিয়ে দ্যায় একটি লিটল ম্যাগাজিন। পবিত্র বল্লভ সম্পাদিত 'উপদ্রুত'। তাহাতে একটি দীর্ঘ গদ্য, ---- নাম 'রন্ধনশালা'। সে বলেছিল, 'গল্প'।
বাসুদেব 'রন্ধনশালা' রচনা করেন একষট্টিতে। তেষট্টিতে সেটি ম্যাগাজিনে কৃষ্ণহরফ পায়। গদ্যটি গ্রন্থত্ব লাভ করে উৎপলকুমার বসুর হেফাজতে, ১৯৬৫-তে। শুধু এই রন্ধনশালার কথাই যদি বলতে হয়, এবং ১৯৬৩-র প্রথম আলোকনের সালটিকেই যদি ধরতে হয়, বলব, সেই সময়ের প্রেক্ষিতে ভারতবর্ষের সহস্র সহস্র বছরের সর্বঅস্তিত্বগ্রাসী ক্ষুধার এ-তুল্য বহিঃপ্রকাশ এবং তার এহেন গ্রাম্য আদিম রাস্টিক তথা অস্বস্তিকর ভাষায় আত্মপ্রকাশ একটা বড়সড় তহেলকার চেয়ে বিন্দুমাত্র উনিশ ছিল না। এ ছিল এমন লেখা, যা পড়ার পর, বাংলা সাহিত্যের পাঠক আগের যা-কিছু পড়া সমস্ত হকহকিয়ে বমি করে দ্যায়। বাংলা গদ্যের শেলফ প্রায় খালি হয়ে যায় রন্ধনশালা পৌঁছনোর পর।

রন্ধনশালার হব্যাশে সেদিন আকখা কলকাতা তোলপাড়। খাসির ল্যাজ তুলে যাঁরা মাংসের বহর আন্দাজাতে পটু, সেইসব ঘোড়েল সমালোচকেরা অব্দি রচনাটিকে ফ্রানজ কাফকা, লুই ফার্দিনান্দ সিলিন এবং গিন্সবার্গ-এর সঙ্গে গুলিয়ে ফেলতে বাধ্য হয়েছিলেন। বাসু-বন্ধু শৈলেশ্বর কবুল করেছিলেন : ইমাজিনেটিভ সাহিত্যের এহেন উদাহরণ বাংলাভাষায় খুব বেশি নেই। বাস্তব অভিজ্ঞতাই লেখকের পা রাখার জায়গা, তারপরই বাসুদেব পাঠককে নিয়ে যান এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতার মধ্যে।

আসলে, শৈলেশ্বর জানাচ্ছেন, তাঁদের মধ্যে যে ছোটলোক বা সংখ্যালঘুর মনোভাব কাজ করছিল, রন্ধনশালা ও তৎ-পরবর্তী গদ্যসমূহে সেটাকেই ঝাড়বাতির তলায় মেলে ধরেছিলেন বাসুদেব দাশগুপ্ত।
শৈলেশ্বর-বাসুদেব-সুভাষ-প্রদীপ-সুবো ----- এঁরা প্রত্যেকে ছিলেন একে-অপরের মতো, একই পেরিফেরির জীব। প্রত্যেকের জীবনের ব্ল্যাক-কমেডি উনিশবিশ একই খেপের। চোখের সামনে দৃশ্যের পর দৃশ্য দেশভাগ, রক্ততোলা বেবুঝ দাঙ্গা, যুবতীর অস্মিতা-হরণ, লাখো মানুষের বুকে ভুখা ত্রাস, জঠরে জঠরে কান্না। প্রায় প্রত্যেকের বাল্য ও যৌবন অস্বচ্ছন্দ, নিহায়ৎ গরিব, ছোটলোক আর অশিক্ষিত ফ্যামিলি থেকে আগত, বুকে অখল জ্বালা, ক্ষোভ আর বিদ্রোহকে কোলদাবা করে বেড়ে ওঠা। আধুনিকতা নাম্নী সালংকরা পিশাচিনির পাছায় এঁরা চুমু খেতে পারেননি। প্রত্যেকে কমবেশি লিজলিজে, ঘরকুনো, আত্মভুক। ফলত, পরস্পরের বন্ধুত্ব সামীপ্য পেতে দেরি হয়নি। সেই বন্ধুত্বের তলা ও তলানি ছিল কঠিন সিলেবেলে গাঁথা। পাঁচজনের মধ্যে একটা সমকামী-সুলভ এঁঠেল প্রেম, ভাষান্তরে 'আত্মা-বিনির্মিত নির্বাক সম্পর্ক' ডেভালপ করেছিল। এঁরা একে-অপরের নেশাতেই বিভোল থাকতেন। এঁরা কে কত বড় লেখক ছিলেন, আদৌ ছিলেন কিনা, সেটা বড় কথা নয়। বড় যেটা হলো, এঁরা অন্যদের মতো ফাঁপা-বুলি বা False Note লিখতেন না, নিজেরা ভুগে লিখতেন। এঁদের লেখালেখির পেছনে একটিই আর্জি ছিল ----- পৃথিবীর সেই আদিতম মন্ত্রটি ------ 'আত্মানং বিদ্ধি' (know thyself), নিজেকে জানো। অধ্যাত্মবিদ্যার এই মূল কথা রবীন্দ্রনাথেও প্রতিধ্বনিত ----- "অসীম যিনি স্বয়ং করেছেন সাধনা / মানুষের সীমানায়, / তাকেই বলে 'আমি'।" আমি-র দুটো ডানা ---- শরীর আর মন। প্রথমটি লোকাল, দ্বিতীয়টি গ্লোবাল। উভয়ে মিশে গ্লোকাল। এই দুই ডানাবিশিষ্ট যানে আরূঢ় হয়ে চলে আমি-র জীবনযাত্রা, জার্নি অফ লাইফ। শরীরে ভর করে মহামনের সঙ্গে মনের যোগবন্ধনের প্রচেষ্টা। হাংরি লেখকদের সরাসরি একটাই বিষয় ছিল ---- এঁদের লেখার বিষয় ছিল 'আমি'। সেখানে কোনো মেকি অবগুণ্ঠন ছিল না। বনেদি সমালোচকদের চোখে এঁরা 'নিরক্ষর' বলে দাগায়িত হলেও, মনে রাখতে হবে এঁরা কোনরকম ধান্দাবাজিতে না ঢুকে, যৎসামান্য সংঘশক্তি নিয়ে এবং 'নিজেদের জীবনচর্চাকে কাঁচামাল হিশেবে ব্যবহার করে' লেখালেখি করতেন। যা অচিরেই, প্রতিষ্ঠান এমনকি প্রশাসনের বুকেও মৃদু হাড়কাঁপ ধরিয়ে দিয়েছিল।

পাঠক, এই এঁরা, যাঁদের কথা আপনি পড়ছেন, এঁদের একজন যা ভাবতেন, সকলে তা ভাবতেন। এঁরা একই হারে চলমান বাংলা কবিতা আর গদ্যকে অ্যানিমিক ভাবতেন। দেশভাগের আগে ও পরে সবুজপত্র, দেশ, কল্লোল, কবিতা, পরিচয়, পূর্বাশা প্রভৃতি 'শহুরে বাঙালি মানসের সমৃদ্ধ ও প্রত্যয়পূর্ণ চিন্তাক্ষেত্র' নামে পরিচিত ন্যাকাচিত্তির সাহিত্যবাজির যে ধারা বাংলা সাহিত্যকে অবক্ষয় আর প্যানপ্যানানির চূড়ান্তে এনে ছেড়েছিল, তার বিরুদ্ধে ষাট দশকের গোড়ায় এইসব হাংরি লেখকরাই হেনেছিলেন প্রথম ও সর্বাধিক জবরদস্ত ধাক্কা। সে-কারণে প্রতিষ্ঠানের ক্যামপ্রাডর নমস্যদের বিগ্রহে মাটি খসে খড় বেরিয়ে যেতে দেখা গেছিল। মাত্র দু-আড়াই জন কবি আর লেখককে এঁরা, বাসু-শৈলরা নিজেদের মতো করে 'আবিষ্কার' করেছিলেন, তাঁদের মধ্যে জীবনানন্দ, ------ যিনি, বিদ্যায়তনিক উলেমাদের চোখে, এমন শব্দ ব্যবহার করেছেন যারা কবিতায় দূরে থাক 'ভদ্দরসমাজে' পর্যন্ত অচল। সুতরাং, কফিঘরের আঁতেল ধোঁয়ায় ঘুরপাক না খেয়ে, এঁরা বুঁদ থাকতেন জীবনানন্দেই। আর একজন এঁদের কিছুটা সমীহ আদায় করেছিলেন, তিনি মানিক বাড়ুজ্জে। তিনি নাকি মানুষের ভিৎরি ফাঁপা অর্থহীন অঞ্চলকে ভারি সুন্দর ঢঙে ফাঁস করতে পারতেন, এঁদের মতে। কিন্তু, পরে কমিউনিজমের 'কুচক্করে' ফেঁসে তাঁর লেখার ধার ও বহুমাত্রিকতা খসে পড়ে, এঁদের মতে। একমাত্রিকতাই অবশ্য বামবাজ লেখকদের আগমার্ক ছিল, সেও এঁরা বুঝতেন। এঁরা আরও টের পেয়েছিলেন যে সুভাষ মুখুজ্জের কবিতাগুলো আসলে শিশুতোষ ছড়া, আর সময় সেনীয় সাহিত্য স্রেফ শহুরে ধাউড়বাজি। সন্দীপন চ্যাটার্জীর বিশেষত 'বিজনের রক্তমাংস' এঁদের ভালো লেগেছিল, কিন্তু অচিরেই যখন ফাঁস হয়ে গেল সন্দীপন আসলে স্প্যানিশ দার্শনিক উনামুনোর দ্যাখাদেখি লেখায় অসুস্থতার প্র্যাকটিস ওরফে ভাঁড়ামি করছেন, তখন এঁদের অ্যাবাউট টার্ন শুরু হয়ে যায়। এঁরা এও খোঁজ পেয়েছিলেন, যে, লেখার সার্টিফিকেটের জন্য যাঁরা বুদ্ধদেব বসু, বিমল কর আর 'দেশ'-এর দোরে ধন্না লাগাতেন, সেই রোম্যান্টিকদের অন্যতম শিরোমণি সন্দীপন চট্টোপাধ্যায়। এঁরা সবই বুঝতেন, শুধু ঠিকঠাক সমঝে উঠতে পারতেন না শক্তি চ্যাটার্জীকে। হ্যাঁ, এঁদের মতে, শক্তি চট্টোপাধ্যায় একটু বেশিই 'খেলেছেন'। শক্তির কোন কোন কবিতা এঁদের চমকে দিত। তারপরেই কোন লেখা মনে হতো এক্কেবারে 'পাইল করা মাল'। কী ব্যাপার?? কফিহাউসে কানাঘুষো খবর উড়েছিল, কোন এক উঠতি কবির কবিতার খাতা নাকি শক্তির ব্যাগ থেকে খোয়া গেছে। তারপর থেকেই নাকি অমন চেকনাই শক্তির কবিতায়। ধন্দ কাটে না। বর্ধমানের দামোদরে একদিন উদোম হয়ে নাইতে নেমেছেন শৈলেশ্বর, বুকজলে দাঁড়ানো উৎপলকুমার বসুকে জিগোলেন, 'কী দাদা, কথাডা কি সত্যি?' উৎপলও কেমন, রহস্যমতন হেসে জানালেন, 'আমিও তো ভাই আপনাদের মতোই শুনছি।' ------ বলেই ডুব।

এবার সংক্ষেপে বুঝে নেওয়া যাক হাংরি-তোড়ফোড়ের প্রেক্ষাপট, বা সময়ের ডিম-লেয়ারটা। অর্থাৎ কলকাতা বা হুগলি-চত্ত্বরের সন্নিহিত এলাকায় সেসময় কী-এমন ঘটেছিল যার দরুন ডাল-ভাত খাওয়া বাঙালি বাড়ির কিছু যুবা অমন-একটা ভাব-ঘূর্ণির ঝড়ে একজাই ক্ষেপে উঠল, ----- তার প্রেক্ষিতটা।

দেশভাগ হলো, 'স্বাধীনতা' নিয়ে শাঁখ-আবির হলো ----- আর তার পরপরই কবিরা কড়ে আঙুল ফাঁসিয়ে বাংলা কবিতার ন্যাড় আটকে দিলেন। তাঁরা পাল্লা দিয়ে মেতে উঠলেন 'শহিদপ্রণাম' আর 'নয়া শপথ' গোছের টাইমপাশে। পাশাপাশি অবশ্য বাংলা কবিতার পালে রোম্যান্টিক হওয়া লাগালেন রাম বসু, বটকৃষ্ণ দে। তখন তো এমনি, নতুন কবি মাত্রেই রোম্যান্টিক আর তাতে কড়ারি তামা-তুলসী নিয়ে উঠে আসছে একটি নাম ----- দেবদাস পাঠক। পুরনো কবিদের মধ্যে অজিত দত্ত, প্রমথনাথ বিশী, বনফুল আর খুব করে দাপাতে লেগেছেন প্রেমেন মিত্তির। জীবনানন্দ বাদে অচিন্ত্যকুমার, শামসুর রাহমান, বিরাম মুখো, গোবিন্দ চক্কোত্তি, দীনেশ দাসদেরও হেব্বি বোলবালা। উদিক থেকে আবার স্তবকান্তরে ছন্দান্তর ঘটিয়ে কবিতায় বিরল ছোঁক এনে দিয়েছেন নীরেন চক্কোত্তি। চলছে পঞ্চাশের খেলা। দ্যাখাদেখি কল্যাণ সেনগুপ্ত, অলোকরঞ্জন দাশগুপ্তরাও নেমে পড়লেন আসরে। বিজ্ঞপ্তি দেওয়া শুরু হলো যে 'আচ্ছে দিন' ফিরে আসছে বাংলা কবিতার। যুদ্ধ-দাঙ্গা-দেশভাগ-রিফিউজি সমস্যা কাটিয়ে কবিতার স্বাস্থ্যে রিটার্ন আসছে নুরানি দ্যুতি। শবেবরাত। আখেরি চাহার শুম্বা।

আসলে ঘটনা ছিল বিলকুল উলোট। আসলে চল্লিশ-পঞ্চাশ থেকেই বাংলা কবিতা পাঠক লস করতে শুরু করেছিল। শঙ্খ-সুনীল-শক্তি-ফণীভূষণদের আসরে নামতে সামান্য লেট, এমন দিনে, ৫০-এর শুরুতেই বুদ্ধদেব বসু রটিয়ে দিলেন :'ছন্দ, মিল, স্তবকবিন্যাসের শৃঙ্খলা, এ-সব বন্ধনেই কবির মুক্তি।' বুদ্ধিবাদী এনজয়মেন্টের ব্রেকিং নিউজ। পঞ্চাশের লক্ষ্মীঘরানার ফোকাসবাজ কবিরা সেটা ঝপসে গিলে ফেললেন। বিষয়ে ন্যাকাচিত্তির রোমান্টিকতা আর আঙ্গিকে রকমারি বেগুনপোড়া এনে তাঁরা 'ফাটিয়ে' দিতে চাইলেন বাংলা বাজার। আলোক সরকার এসময় আঙ্গিকে আর শব্দের বিন্যাস নিয়ে এত কসরৎ করেন যে প্রতিটি কবিতা থেকে ক্র্যাকের পড়পড় শব্দ বেরুতে থাকে। উপরন্তু, আনন্দ বাগচী রবীন্দ্র-গানের ফাটা রেকর্ডগুলো বাজিয়ে বাজিয়ে পাঠকের মূত্রপুটের বেঁটে দুববো ঘাসে মাচিশ ধরিয়ে দিলেন। এসব করে পঞ্চাশের কবিরা এই ভেবে স্বমেহনের তৃপ্তি লাভ করলেন যে বাংলা কবিতায় 'প্রগাঢ় প্রতীতির সুর' দেখা দিয়েছে আর স্পষ্ট হয়েছে তার এক্সপোজ-ভঙ্গি। কিন্তু এতে পাঠ্য-পাঠকের জগদ্দল সমস্যাটাই আরও বুকবাড়া পেল। বিষয়ের গরিমা বাতায় ঠুঁসে স্রেফ আঙ্গিকের প্রাকটিস যে বাংলা কবিতার পক্ষে অশুভ হতে পারে তা যেন কেউ কেউ বুঝতে পেরেছিলেন। সময়টা ছিল ৫০-এর মাঝামাঝি, বাংলা কবিতা তার সহজ-সুগম পথ ছেড়ে অচিরেই ন্যাকানাদা লিরিক আর আঙ্গিক-সর্বস্ব শব্দচচ্চড়ি হয়ে উঠল।

ফলে, অনিবার্যভাবেই ষাটে ঘটল সর্বস্তরিক তোড়ফোড়। ষাট, কেবলমাত্র একটি সময়-চিহ্ন নয়, সময়ের শান্তশায়ী বুকে একটি পিরেনিয়াল আঁচড়, এক প্রবল ঘূর্ণাবর্ত ----- সত্তর ক্রশ করে আশিতে এসে যার পরিক্রমা সমিল হয়। বাংলা কবিতাধারায় ঐ ন্যাকাচিত্তির কলাকৈবল্যবাদ আর লিরিকবাজির প্র্যাকটিসের খেলাপে প্রচণ্ড অনাস্থা আর বিরক্তি গনগনে অমর্ষ হয়ে আছড়ে পড়েছিল ষাটের ঐ হো-হাঙ্গামার দিনে, যখন প্রকাশ্য ডে-লাইটে ফুটপাথের হাঁড়িকাঠে গলা-ফাঁসানো পঞ্চাশিয়া কবিতার হালাল প্রত্যক্ষ করেছিল কলকাতা। ন্যাকাচোদা ধুতি-কবিদের ফুল-দুববো কালচারের বিরুদ্ধে আধপেটা ছোটলোক ভবঘুরে বাউণ্ডুলে গাঁজাখোর চুল্লুখোর চরসখোর রেন্ডিগামী কবিদের তীব্র সাব-অলটার্ন আর ডায়াসপোরিক কাউন্টার কালচার চাক্ষুষ করেছে দিনদাহাড়ে ব্যাংক-রবারির ফিলমি কারকিতে। ছোটলোকদের ওই ধরদবোচা অ্যাকশানে গাঁড় ফেটে গিয়েছিল প্রতিষ্ঠানের ধামাধরা ক্লিন-শেভড পাউডার-পমেটমপ্রিয় পঞ্চাশের কবিদের। তাঁদের ভীতি সাব্যস্ত হয় যখন বাসুদেব দাশগুপ্তর 'রন্ধনশালা'কে চালিয়ে দেওয়া হয় 'বিবর'-এর ব্রিডিং ক্যাপসুল হিশেবে। অন্যদিকে, কবিতার ক্ষেত্রে, মলয়-শৈলদের ঐ ভয়-পাওয়া কাউন্টার-অ্যাটাক দানা পেয়েছিল শঙ্খ ঘোষের এই শব্দগুচ্ছে : 'আত্ম অস্তিত্বের গূঢ়মূল আবিষ্কার, মৃত্যুর বোধ, অসুন্দর শয়তান আর পাপের ধ্যান একদল কবিকে একটি বিচ্ছিন্ন কুঠুরির মধ্যে সরিয়ে নিয়ে যাচ্ছে।' এমনকি, সন্ত্রাসের পাল বুদ্ধদেবের হিক্কে-তোলা বোদলেয়রী বাতাবরনকে উচ্ছ্বাসভরে স্বাগত জানিয়ে ফেলেছিল। এতে-করে পঞ্চাশের ল্যাসল্যাসানি ধরা তো পড়েই যায়, চল্লিশের কন্ডোমফোলা ফক্কাবাজিও ফাঁস হয়ে যায় একই লপ্তে।

সাহিত্যের আখড়ায় গোষ্ঠীতন্ত্র নয়াল কিছু নয়। সাহিত্য নিয়ে আড্ডা, হুজুগ আর বাওয়াল যুগে যুগে। সেই কোন ১৯০৫ থেকে পয়লা বিশ্বযুদ্ধের শেষ অব্দি লন্ডনের ব্লুমসবেরি মহল্লার এক থুত্থুড়ে কোঠায় ফি বেস্পতি সাঁঝে জমা হতেন সস্বামী ভার্জিনিয়া উলফ, রজার ফ্রাই, ক্লাইভ বেল, জন মেনার্ড কিন্স, ই এম ফর্স্টার, লিটন স্ট্র্যাচি, ডানকান গ্রান্ট প্রমুখ বুদ্ধিজীবীরা। ইংরেজি সাহিত্যের ইতিহাসে ঐ আড্ডাবাজরা 'ব্লুমসবেরি গ্রূপ' নামে বিখ্যাত। মোটামুটি ঐ ধাঁচেরই ছিল বাংলার বিনয় সরকার, সুনীতি চাটুজ্জে, সতীশচন্দ্র মুখুজ্জেদের 'ডন সোসাইটি'; এবং কিছু পরে প্রেমেন্দ্র-অচিন্ত্য-মানিক-প্রমুখের 'কল্লোল গোষ্ঠী'। যদিও জাতে ও চরিত্রে কিঞ্চিৎ আলাদা, কিন্তু তিনটিই ছিল নিছক আড্ডা-বিশেষ। সাহিত্যের আড্ডা। যা পরবর্তী কালে সাহিত্যের কিছু খাস সামিয়ানায় ঠেক পেতে কলকাতার কফি হাউসে আরও-অঙ্ক-কষে হতো, এবং যা এখন আরো-অন্যভাবে, অন্যত্রও হয়। বুকফেয়ার, নন্দনচত্ত্বরে, ইভন ফেসবুকে এবং ব্লগে। কিন্তু সাহিত্য তথা শিল্পে সেরম বাওয়াল ওরফে মুভমেন্ট যদি কিছু হয়ে থাকে, আমাদের রামায়ণ-মহাভারত-চৈতন্যের লীলাখেলা-সমূহ বাদ দিয়ে, তাহলে তার বিসমিল্লা ধরতে হয় ১৮৩০-এর ফরাসি বোহেমিয়ানদের হুল্লোড় থেকেই। তথাকথিত প্রতিষ্ঠান-বিরোধী আন্দোলনের ঐ ছিল সাড়াজাগানো পয়লা ভেঁপু। এবং পরবর্তী কালে সারা পৃথিবী জুড়ে সেই বিগউল ফোঁকা অব্যাহত থাকে। ফলে, মার্কিন ইন্টেলেকচুয়ালদের মাথায় হঠাৎ 'Angry' ঠাপ্পাটা দেখে তেমন হাসি নির্গত করার কারণ ছিল না বিশুদ্ধবাদীদের। কারণ ঐ মার্কিন অ্যাংরিরা এতখানিই বাগী আর রাগী ছিল যে নিজেদেরকে 'ইন্টেলেকচুয়াল' বলতেও ওরা রীঢ়া বোধ করত। ওরা নিজেদের জাহির করত 'Anti-Intellectual' বলে। আসলে, জ্যাক কেরুয়াক, লরেন্স ফেরলিংগোটি, অ্যালেন গিন্সবার্গ, গেগরি করসো, ই ই কামিংস, কেনেথ রেকথ, হেনরি মিলার প্রভৃতি আমেরিকান কবি-লেখকদের, তথাকথিত সামাজিক ধ্যানধারণার প্রতি প্ৰচণ্ড রকমের অনীহা ও আক্রোশ থেকে গড়ে ওঠা ঐ গোষ্ঠী নিজেদের জাহির করত 'বিট' বলে। বিট মানে হেরো, পরাস্ত, হতাশ, গাণ্ডু আর এইরকম আরও কিছু। 'অ্যাংরি' কথাটা তো খচমচ করত চল্লিশের দশকের জ্যাজ বাজিয়েদের ঠেকে। তাছাড়া, মোটামুটি ঐ সময়েই ইংল্যান্ডের একদল তিক্ত-বিরক্ত-রাগী লেখক সেখানকার গঙ্গাজলী সাহিত্যকে লাথিয়ে রাতারাতি দাগি হয়েছিলেন 'Angry Young Men' নামে। অ্যাংরিরা ছিলেন জন ওয়েন, জন ব্রেন, কিংসলি অ্যামিশ প্রমুখ। অ্যাংরি আর বিটরা একসময় একটা জয়েন্ট অ্যান্থলজিও বের করে। যে-কারণে ঐ দুই বাওয়াল-পার্টিকে অভিন্ন ভেবে কিছু মানুষ চরম ভুল করেছিল। কিন্তু, ভুল তো ভুলই। আসলে হয়েছিল কি, কেরুয়াকের সুহৃদ হারবার্ট হাংকি তখন কুচেল দুনিয়ায় গহন চলাফেরায় মগ্ন এবং তাঁকে ছিঁচকে চোর, মাস্তান আর মাতাল-গাঁজাখোর বলে চেনানোর জন্যে 'বিট' খিস্তিটা চালু ছিল। এবং, খুব অবান্তর হবে না যদি ধরা হয় কেরুয়াক উক্ত লিংক থেকেই শব্দটা গেঁড়িয়েছিলেন।

এই বিটদের সঙ্গে বাঙালি যুবাদের হাংরি হাঙ্গামাকে গুলিয়ে ফেলার বেওকুফি বা ধাউড়বাজি ঠিক হবে না। আবার 'হাংরি'র স্রোত-সূত্র যে 'ক্ষুধার্ত' বা 'কাঙাল' ---- এটা ঠিক না। কেননা, প্রতিষ্ঠান বিরোধীরা কখনই মার্কামারা হতে রাজি নয়, তারা হামেহাল শেষধাপের জন্য ত্বরায়। আর, ধাপগুলো হলো অবিরাম নিচের দিকে, ঘাস আর মাটির দিকে। 'মার্কা' ব্যাপারটা মৌলবাদের লক্ষণ। প্রতিষ্ঠানের কারকিত। যেমন আমাদের পৌরাণিক নামগুলো। সূর্য, চন্দ্র, পৃথিবী, জল, বায়ু, শিব, কৃষ্ণ, রাম, সীতা প্রত্যেকেরই হাজারটা করে নাম। পাড়ার মাস্তান থেকে শুরু করে লোকসভার মেম্বার, এঁদের অনেকগুলো করে নাম। যত গুণের ঘাট, তত নামের বাড়। তাছাড়া, এটাও ফ্যাক্ট, যে, ব্যক্তিকে অভিধায়িত করার জন্য যেসব শব্দকলাপ আমাদের চারপাশে ডাঁই করা আছে, এখনও, সবই সেই ব্রিটিশ মাস্টারবেশিয়ানদের নিচুড়ে-যাওয়া বইপত্র, ডিক্সনারি আর আধুনিকতাবাদী বুকনি-বীর্য থেকে হাসিল। আসলে কিন্তু, শেষ বিশ্বযুদ্ধোত্তর দুনিয়ার যে হালচাল, রাজনীতিক-আর্থিক অবস্থা, তাতে সেরকম মর্ডানিস্ট স্পেশেলাইজড ব্যক্তিত্ব গড়ে ওঠার সারবীজ সব পচে-হেজে গেছে। এখন আধুনিকতা ব্যাপারটাই একখানি ধ্রুপদী জোচ্চোর ও ধাপ্পাবাজ।

যাই হোক। বলবার কথা এই, হাঙ্গামার শরিকরাও যেভাবে দাবি করেছেন, ---- হাংরি, আর-পাঁচটা সাহিত্য আন্দোলনের মতোই, পূর্বাপর স্বমেহিত ছিল, তাতে কোনো বাহ্যিক ক্যাটালিটিকের কলকাঠি ছিল না। যে-কারণে এই হাঙ্গামার আবির্ভাব-কালটি বেশ তাৎপর্যপূর্ণ। পঞ্চাশের শেষে, বিশেষত ষাটের দশকের শুরুশুরুতে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় একই ধাঁচে তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক অনাস্থা আর বিক্ষোভ দেখা দেয়। তাদের নিজ-নিজ রাষ্ট্রের শাসনতন্ত্র, সমাজ, চালু ধর্মীয় নীতিকানুন, আর্থিক বন্দোবস্তি আর কালচারাল বাতাবরন তামাম-কিছু ঐ নাগর-যুবাদের কাছে চরম অসহনীয়, সুতরাং পরম ত্যাজ্য ও বর্জনীয় ঠাহর হতে থাকে। প্যারিস, বার্লিন, প্রাগ্ব থেকে বার্কলি, জাকার্তা, কলম্বিয়া, পিকিং ----- বিভিন্ন শহরে, বিশেষ করে কলেজ-ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রবল বাগী ও তোড়ফোড়-প্রবণ হয়ে ওঠে। লিহাজা, বিক্ষোভের ঐ চোনা সাহিত্যের জলকেও লোনা করে ফেলবে, এ তো অতি লাজিম কথা।

বিশেষত, দেশভাগটা বাঙালির সত্যিকারের পাইন মেরে দিয়েছিল। ঐ প্রেক্ষাপটে, যখন নিত্যনতুন মৃত্যুপদ ও ভীতিপদ বাঙালির বত্রিশ ইঞ্চি পোস্তবাটা-বুক ক্ষণে ক্ষণে ভেবড়ে দিচ্ছে, মুহুর্মুহু মূক করে দিচ্ছে আস্ত-একটা বাতেল্লাবাজ জাতিকে, চেতনা সন্ত্রস্ত ও দৃষ্টি ঘোলাটে হয়ে, নালা থেকে ভাত কুড়িয়ে খাচ্ছে অনাহারী নেড়ি ও মানুষের ছা, ------ আমরা তখনও অবিশ্বাস্য নজরে দেখতে পাই হাজার বছরের ঝরঝরে মূল্যবোধগুলো বাঙালির জীবনে নতুন ধারণার পথ দেখাবে বলে, তখনও, রক্তচক্ষু মেলে দাঁড়িয়ে! নতুন শক্তি জীবনকে পথ দেখাতে চায়, তখনও। ঐ রক্তচক্ষুগুলো কাদের?? কোটি কোটি মূক ও মূঢ়ের বেদনাকে মূর্ত ধ্বনিতে তবদিল করতে উঠে আসে অই, কারা??? আমরা দেখতে পাচ্ছি, বাঙলা মায়ের আনাচ-কানাচ থেকে, অন্ধগলি আর ঘুঁজিপথ থেকে বেরিয়ে আসছে অশিক্ষিত নিরক্ষর অর্ধ-নিরক্ষর ভাঙা-ভাষা ভাঙা-বানানের একগুচ্ছ অন্ত্যজ, অপর, সাব-অলটার্ন, ডায়াসপোরিক ছোটলোক। নপুংসক বুর্জোয়া শ্যাল-কুত্তায় নুচে খাবে বাংলা সাহিত্যকে, তার আগেই টিনের সুটকেশ, ভাঙা মগ, ছেঁড়া পাজামা, নোংরা গেঞ্জি ও বিষ্ঠা-লাঞ্ছিত মুর্দাফরাসের কেরবালা হা-রেরে তরিবতে ধেয়ে এলো বাংলা সংস্কৃতির মূল বিতর্দির দিকে। গোড়ার দিকে এদের পিওর লাথখোর বলে মনে হবে, এদের ভাষা গেঁয়ো আর এদের কথাবার্তা অশ্লীল স্ল্যাং-মাফিক মনে হবে, ---- সেটা একরকম রফা। মৃতের চিতায় অগ্নি-অস্তিত্বের ঐ ছিল পূর্বাভাস।

হাংরি জেনারেশন আন্দোলন ছিল, নাকি হুজুগ? হাংরি আন্দোলনের স্রষ্টা কে? ----- এই দুটি বিতর্ক এত এত দফা এত এত এত ভাবে দলিত মর্দিত ধর্ষিত হয়েছে যে তাকে এখন কেঁদেই বাঁচতে দেওয়া উচিত। বিশেষত দ্বিতীয় প্রশ্নটি। জঙ্গল মে মোর নাচা, কিসনে দেখা? প্রত্যেকে বলে আমি, আমি, আমি। অক্ষরের গোলামি থুয়ে অক্ষরের মালিক হওয়ার সাধ, প্রত্যেকের। তাঁরা মেতে উঠেছেন অন্ধকারে, অহংকারে, ব্যক্তিগত আরোপে, আমিত্বের বহ্বাস্ফোটে। আমি, আমি, আমি। আয়ে গওয়া হরামিয়ন সব, একে মারে যান আফত-মা হ্যায়। ----- বিতর্কটি এখন যেন এই বলছে, কঁকিয়ে, ----- এবং খাবি খেয়ে মরছে।

১৯৬২। 'সম্প্রতি' পত্রিকার থার্ড সংকলনে বিনয় মজুমদারের 'ফিরে এসো চাকা'র সমীক্ষা বেরুল 'হাংরি জেনারেশন সংক্রান্ত প্রস্তাব' শিরোনামে। লেখক : শক্তি চট্টোপাধ্যায়। অনেকের ধারণা, বাসু-সুভাষ-শৈলরাও খেয়েছিলেন, যে, এই লেখা থেকেই হাংরি জেনারেশন নামের সূত্রপাত। ধারণাটা কিছু বাতাসও পেয়েছিল ১৯৬৪-৬৫ সালে হাংরি মামলায় 'this literary movement was started by me' বলে শক্তির স্টেটমেন্ট জমা পড়ায়। হাংরি গোষ্ঠীর এককালীন গড়িমসি সদস্য সন্দীপন চট্টোপাধ্যায়ও নাকি ঐ মর্মে বয়ান রুজু করেছিলেন। কিন্তু শক্তির এ লেখা তো বেরিয়েছিল বাষট্টি সনে; অথচ, ১৯৬১ সনের নভেম্বর-ডিসেম্বরেই ছেপে গিয়েছিল 'হাংরি জেনারেশন' নামে ১/৮ ডবলক্রাউন সাইজের ইস্তেহারটি, তাতে বার্জাস টাইপে পরিষ্কার ছাপা হয়েছিল : স্রষ্টা মলয় রায়চোধুরী, নেতা শক্তি চট্টোপাধ্যায়, সম্পাদক দেবী রায়।

আসলে, পরে জানা যায়, হাংরি জেনারেশন ছিল এমনই এক চ্যাংমাছ, কারো একার মুঠোয় বেশিক্ষণ ধরা থাকেনি। হাঙ্গামার ধূসর সূচনালগ্নের আরেক শরিক, বিলেত-রিটার্ন কলেজ-প্রভাষক উৎপলকুমার বসু পরবর্তীতে (১৯৯৪) জানালেন : "হাংরি জেনারেশন সেভাবে কোন সংগঠিত আন্দোলন ছিল না। যার খুশী, যেখান থেকে পারে হাংরি জেনারেশন নাম দিয়ে বুলেটিন বের করে বাজারে ছেড়ে দিত। এই আন্দোলন ছিল অনিয়ন্ত্রিত। কতকগুলো ফতোয়া মলয় সমীর শক্তি লিখেছিল। এগুলোর নিচে অনেকের নাম বসিয়ে দেয়া হ'ত। বহু ক্ষেত্রেই যাদের নাম দেওয়া হচ্ছে তাদের জিজ্ঞাসাও করা হঁ'ত না। ..... হাংরিদের সেভাবে কোন কাগজও ছিল না। হয়ত ত্রিপুরা থেকে একটা কাগজ বেরল, নাম দিয়ে দিল ---- হাংরি জেনারেশন বুলেটিন নম্বর ১২। হয়ত তার ১০ বা ১১ বেরোয়নি।"

আসলে, ১৯৬২-৬৩ সনে পশ্চিম বাংলার সাহিত্যে এই বাওয়ালমুখী পালাবদলের তীব্র চাগাড়ে দুটি প্রধান উপ-কেন্দ্র গড়ে উঠেছিল কলকাতা শহরের বুকে। একটি কেন্দ্রের মধ্যমণি ছিলেন বাসুদেব দাশগুপ্ত, শৈলেশ্বর ঘোষ, সুভাষ ঘোষ, প্রদীপ চৌধুরী এবং সুবো আচার্য। অপর কেন্দ্রে ছিলেন মলয় রায়চোধুরী, সমীর রায়চোধুরী, দেবী রায় এবং সুবিমল বসাক। উভয় কেন্দ্রের সদস্যরাই, কমবেশি, তথাকথিত ছোটলোক, গরিব আর অশিক্ষিত ফ্যামিলি থেকে আগত। এবং প্রত্যেকের বয়স ছিল বিশ-পঁচিশের কোঠায়। যে-বয়সে যত আলো পড়ে, তত ভয় কমে। উপকেন্দ্র যেহেতু দুটি, সুতরাং দু-রকমের হাংরি বাওয়াল শুরু হয়েছিল। একটা, শৈল-বাসু-সুভাষদের বস্তি-কলকাতার 'ছোটলোকি' বাওয়াল; এখানে যে-দলের নাম দেওয়া যাক হাংরি -- 'এ' গ্রূপ। অন্যটা মলয়-সুবিমলদের ডায়াসপোরিক বাওয়াল, অর্থাৎ 'বি'-গ্রূপ। দ্বিতীয় গ্রূপের সর্বময় কর্তা ছিলেন পাটনার ছোটলোক আর কুচেল অধ্যুষিত দরিয়াপুর মহল্লার নামচিন ষ্টুডিওঅলা রঞ্জুবাবুর ছোটছেলে বিশ বছরের ফনকু ওরফে ফনা, অথবা ইমলিতলার মুল্লু খান ওরফে মলয় রায়চোধুরী, সেটা জোরও ধরেছিল মলয়ের জোরদার ইস্তেহারি ভাষার চটকে, অপেক্ষাকৃত বেশি; আর, তাঁদের সে-টিমও ছিল বেশ ভারি। বহু পুরনো জ্ঞানপাপী সে-দলে ভিড়েছিল। 'এ' গ্রূপ এই 'বি' গ্রূপের নাম দিয়েছিল 'চুলকে দেওয়া হাংরি জেনারেশন'। প্রথম গ্রূপটি মলয়কে 'মফসসলের অজ্ঞাত গাড়োল' বলেও চালাতে চেয়েছিল ব্যক্তিগত আক্রোশবশত। তাঁরা, প্রত্যেকে ছিলেন, কেউ কেউ ছদ্মভাবে, মলয়ের বিরোধীপক্ষ। 

বিশেষত আশির দশকে পুনরুত্থিত মলয়ের নিজেকে হাংরি আন্দোলনের স্রষ্টা বলে চালানো, কিছু-কিছু ক্ষেত্রে তাঁর ইতিহাস-বিকৃতি এবং মাত্রাতিরিক্ত আত্মপ্রচারে দাগা পেয়েই প্রথম গ্রূপটির গোসা ধরতামাশি পেয়েছিল এবং তাঁরা পাগলের মতো ক্ষেপে উঠেছিলেন। সুতরাং প্রথম দলটির ঐ পাঁচ শরিক যাঁরা আন্দোলন-চলাকালীন, ষাটের দশকে যা নিয়ে একেবারেই মাথা ঘামাননি, আশি ও তৎ-পরবর্তী পিরিয়ডে মলয়ের মতই, নিজেদেরকে 'হাংরি আন্দোলনের স্রষ্টা' হিশেবে প্রচার করা শুরু করে দেন। দায়িত্ব না নিয়ে একটু হাস্যচ্ছলে বলি, হাংরি লেখকদের মধ্যে কেউ আধুনিকতাবাদীদের মতো 'ডক্টরেট' ছিলেন না, ----- সাহিত্য, ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান কোন কিছুতেই একজনও 'উলেমা' ছিলেন না বলে এহেন পারস্পরিক কাদাহোলি। আমি কেঁচো খুঁড়তে গিয়ে কুম্ভলস চাই না, অতএব কোন্দলটি এড়িয়ে যাচ্ছি।

এ-কথা ঠিক যে হাংরি কোন ইজম ছিল না। ছিল একটা স্টাইল বা আইডিয়া। আরও বলতে পারি, একটা ঘটনা, বাংলাভাষায় সেভাবে যা আগে কখনো ঘটেনি। বাংলা সাহিত্যের তথাকথিত মূল ধারা থেকে বিচ্ছিন্ন অনাদৃত এক উপদ্রুত এলাকা থেকে বিশাল এক ঢেউ, উঠে এসে, আছড়ে পড়েছিল এজি-গোয়িং সাহিত্যের ল্যাসলেসে মসৃণ চত্ত্বরে। সমাজের একেবারে নিচুতলার ভাষা ও ভাবনাকে সাহিত্যের কাছাকাছি নিয়ে আসার, পক্ষান্তরে বাংলা সাহিত্যের লিরিকফুলের বাগানকে তছনছ করে নতুন প্রতিমান প্রতিষ্ঠার তাগিদে হাংরি ছিল প্রথম আর তখনো-অব্দি একলোতা বৈপ্লবিক সমীহা।
চিত্রে থাকতে পারে: 3 জন ব্যক্তি, মলয় রায়চৌধুরী সহ

হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে

  হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে প্রখ্যাত কবি, হাংরির কবি দেবী রায় ৩ অক্টোবর ২০২৩ চলে গেছেন --- "কাব্য অমৃতলোক " ফ্ল্...